
নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলার দাউদপুর শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত ২৫টি ইটভাটার বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) কর্তৃপক্ষ। পণ্যের গুণগত মান যাচাই ছাড়াই এবং বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণ ও নবায়ন না করে পণ্য বিক্রয় ও বিতরণ অব্যাহত রাখায় মামলা করা হয়েছে। বিএসটিআইয়ের সহকারী পরিচালক কে এম হানিফ একথা জানিয়েছেন।
তিনি জানান, বুধবার বিকালে বিএসটিআইয়ের ঢাকা ফিল্ড অফিসার (সিএম) মো. মাজাহারুল ইসলাম বাদী হয়ে আইন লঙ্ঘনের অভিযোগ এনে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাগুলো দায়ের করেন।
মামলার আর্জিতে উল্লেখ করা হয়েছে, রূপগঞ্জ উপজেলার দাউদপুর গ্রামের শীতলক্ষ্যা নদীরে তীরে অবস্থিত ২৫টি ইট উৎপাদনকারী প্রতিষ্ঠান পণ্যের গুণগত মান যাচাই ছাড়া, বিএসটিআই এর লাইসেন্স গ্রহণ ও নবায়ন না করে পণ্য বিক্রয় এবং বিতরণ অব্যাহত রেখেছে। এ সংবাদের ভিত্তিতে গত ২ ফেব্রুয়ারি এসব ইটভাটায় অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়।
তিনি আরও জানান, ইটভাটায় তিন বছর পরপর কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা করার আইন থাকলেও তা করা হয়নি। এসব ইটভাটায় গিয়ে দেখা যায়, বিএসটিআই অনুমোদিত ইটের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা, প্রয়োজনীয় পানি শোষণ ও ভালোভাবে পোড়ানো ছাড়াই এই ইটভাটাগুলো ইট উৎপাদন, বিক্রয় এবং বিতরণ করছে। আইন লঙ্ঘনের অপরাধে ওই সব ইটভাটার বিরুদ্ধে মামলা দায়েরসহ উৎপাদন, বিক্রয় বিতরণ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
/এসটি/








