রংপুর জেলা মোটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আফতাবুজ্জামান নিপ্পনকে বহন করা প্রাইভেটকারে গুলি করেছে দুর্বৃত্তরা। অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি। রবিবার রাত ১০টার দিকে রংপুর নগরীর ব্যস্ততম এলাকা কামারপাড়া ঢাকা কোচস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে নগরীতে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
সোমবার রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ক্রাইম) আবু মারুফ হোসেন জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে আটক করা হয়েছে।
হামলার শিকার মোটর মালিক সমিতির নেতা আফতাবুজ্জামান জানান, রবিবার নগরীর গুপ্তপাড়া মহল্লায় অবস্থিত মোটর মালিক সমিতির অফিস থেকে প্রাইভেট কার নিয়ে বাসায় ফিরছিলেন। পথে রাত ১০টা ৫ মিনিটের দিকে নগরীর কামারপাড়ার ঢাকা কোচ স্ট্যান্ড পার হয়ে একশ গজ সামনে পৌঁছালে আকস্মিক প্রাইভেটকারে গুলি করা হয়। পরপর কয়েকটি গুলি করায় গাড়ির সামনের কাচসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়।
তিনি বলেন, ‘হামলার সময় গাড়ির কাচ লাগানো থাকায় আল্লাহর অশেষ করুণায় প্রাণে রক্ষা পাই। এ সময় আমাকে রক্ষা করতে আশেপাশের লোকজন এগিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে। কিন্তু দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়।’
হামলার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘কী কারণে আমাকে গুলি করে হত্যা করার পরিকল্পনা করা হয়েছিল সেটি জানি না।’ তিনি হামলাকারীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ ব্যাপারে জানতে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালি থানার ওসি মোস্তাইন বিল্লাহকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।
রংপুর মেট্রোপলিটান পুলিশের মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ক্রাইম) জানান, ঘটনার পরপরই তিনিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় তিন জনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দুর্বৃত্তদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।









