অবিলম্বে লালমনিরহাট জেলাকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘোষণার দাবীতে শনিবার দুপুরে লালমনিরহাটে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। এতে কয়েক দফা দাবির মধ্যে লালমনিরহাট সদর উপজেলাস্থ ‘মোগলহাট স্থলবন্দর’ ও ‘লালমনিরহাট বিমানবন্দর’ চালুর দাবি জানানো হয়।
লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রিজ ও লালমনি সচেতন সমাজ উন্নন সংস্থার উদ্যোগে লালমনিরহাট মিশনমোড় চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন চেম্বার সভাপতি শেখ আব্দুল হামিদ বাবু ও চেম্বার অব কমার্সের পরিচালক রেজাউল কমির স্বপনসহ ব্যবসায়ীরা।
শেখ আব্দুল হামিদ বলেন, ‘দেশের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করা হলে গড়ে উঠবে শিল্প-কল কারখানা। ফলে খুলে যাবে জেলার অর্থনীতির নতুন দিগন্ত। সৃষ্টি হবে প্রায় তিন-চার লাখ লোকের কর্মসংস্থান। এসব করা সম্ভব হলে দূর হবে বেকারত্ব। এজন্যই জেলাবাসীর প্রাণের দাবি লালমনিরহাটকে অবিলম্বে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করা জরুরি।’
/এমপি/








