দীর্ঘ ৮ বছর পর শুক্রবার খুলনা মহানগর জাতীয় পার্টির (জাপা) ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। মহানগর সম্মেলন হলেও দুটি বিবদমান গ্রুপের বিরোধ নিষ্পত্তি হয়নি। ফলে এক পক্ষ সম্মেলন বর্জন করে।
এ অবস্থায় আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়েও সংশয় প্রকাশ করেছে দলটির নেতা-কর্মীরা।
এ ব্যাপারে জানতে চাইলে মহানগর যুব সংহতির সভাপতি তৈমুর হোসেন শাহিন বলেন, মহানগর জাপার বর্তমান কমিটির অগঠনতান্ত্রিক কার্যক্রমের কারণে মহানগর এলাকার ৬০ থেকে ৭০ ভাগ ত্যাগী নেতা-কর্মী সম্মেলন বয়কট করেছেন। মহানগর জাপার সাবেক সেক্রেটারি মোল্যা মুজিবর রহমান, আলহাজ মোশারেফ হোসেন, মহানগর কমিটির দফতর সম্পাদক অ্যাড. মাসুদুর রহমান, জাপা নেতা আ. সামাদ, শেখ সাদী, লাল মিয়া হাওলাদার, শাহজাহান, মহানগর যুব সংহতির সাধারণ সম্পাদক উৎসবসহ মহানগরীর প্রায় ২০/২৫ জন ত্যাগী নেতা ও তাদের কর্মী সমর্থকরা সম্মেলনে আসেননি।
মহানগর জাপা’র সাবেক সাধারণ সম্পাদক মোল্যা মুজিবুর রহমান বলেন, সার্কিট হাউজে দুগ্রুপের সঙ্গে কেন্দ্রীয় নেতারা বৈঠক করে সমঝোতার চেষ্টা করেন। এ অবস্থার মধ্যে তিনি ওই বৈঠক বয়কট করেন। বিতর্কিত এ কমিটির সঙ্গে বসে রাজনীতি করা যায় না এমন মন্তব্য করে ও বিষয়টি কেন্দ্রীয় নেতাদের জানিয়ে বৈঠক স্থল ত্যাগ করেন তিনি।
তিনি আরও জানান, মহানগর কমিটি গঠনের পর তারা পাঁচ থানার ত্যাগী নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ না করে তাদের কোণঠাসা করে রাখে। আর অদক্ষ, অযোগ্য এবং পকেটের লোক দিয়ে কমিটি গঠন করে প্রতিটি থানার সংগঠনিক অবস্থা খুবই দুর্বল করে ফেলেছে। এদের অসাংগঠনিক কর্মকাণ্ডের কারণে দলের ত্যাগী নেতা-কর্মীরা নিষ্ক্রিয় হয়ে পড়ছে।
মহানগর জাপা’র প্রচার সম্পাদক তোবারেক হোসেন তপু বলেন, সম্মেলন শতভাগ সফল হয়েছে। আগামী তিন মাসের মধ্যে মহানগর পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য বলা হয়েছে। সকলের সহযোগিতা নিয়ে সে কাজটি সফল করা হবে।
উল্লেখ্য, খুলনা মহানগর জাপা’র সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০০৮ সালে। ওই সম্মেলনে আব্দুল গফফার বিশ্বাসকে সভাপতি ও মোল্যা মুজিবরকে সাধারণ সম্পাদক করা হয়। পরবর্তীতে আব্দুল গফফার বিশ্বাস দল থেকে পদত্যাগ করেন। ২০১৪ সালের ২৫ মার্চ জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ কেন্দ্রীয়ভাবে শেখ আবুল হোসেনকে সভাপতি এবং তরিকুল ইসলামকে সাধারণ সম্পাদক মনোনীত করেন। এরপর খুলনায় জাতীয় পার্টিতে বিরোধ আরও চাঙ্গা হয়ে ওঠে। প্রায় দুবছর পর মহানগর জাপার সম্মেলন অনুষ্ঠিত হল। কিন্তু বিরোধ নিষ্পত্তি হয়নি।
/টিএন/








