বরগুনা সদর উপজেলার আয়লা পাকাতাটা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দুই মেম্বার প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, মেম্বার প্রার্থী মো. পনু আকন (৪০) মো. ফারুক ৪৫, আ. ছালাম ৫০, সিরাজ উদ্দিন ৬৫, টুকু মিয়া ৫০, বারেক ৪৫, মো. মনির ২৫, সোবাহান ৬৫, মনোরা ৫৫ ও সোহরাব ৪৮।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুই মেম্বার প্রার্থী পনু আকন ও মোহাতার মৃধার সর্মথকদের মধ্যে সংঘর্ষ হয়। পনু আকনের ভাই মোশারফ আকন মোতাহার মৃধাকে সমর্থন করেন। এলাকার লোক দলে ভেরানো নিয়েই সংঘর্ষ বাধে বলে জানা গেছে।
হাসপাতালে আহত মেম্বার প্রার্থী পনু আকন বলেন, নৌকা প্রতীকের এক কর্মীকে অন্য চেয়ারম্যান প্রার্থীর কর্মীরা মারধর করছে শুনে সেখানে যাই। হামলাকারীদের বাড়ীতে গেলে তাদের বড় ভাই বিচারের আশ্বাস দিলে আমরা পাকুরগাছিয়ায় ক্লাবে বসে লোকজনের সঙ্গে কথা বলি। কথা শেষ করে লোকজন নিয়ে বাড়ি যাওয়ার পথে আমাদের ওপর হামলা করা হয়। এসময় তিনজন আহত হলে তাদের বরগুনা হাসপাতালে ভর্তি করা হয়। পরে সন্ত্রাসীরা এলাকায় আবারও হামলা করে প্রায় ১৫ জনকে মারধর করে। এদের অনেকেই এখন হাসপাতালে ভর্তি আছেন।
এ বিষয়ে মোতাহার মৃধার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
/এফএস/








