ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর আনুমানিক দেড়টার দিকে ই-মেইলের মাধ্যমে শিক্ষা সচিব বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন ওই তিন জনই। পত্রে তারা ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন।
তবে এ বিষয়ে উপাচার্য ও কোষাধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ফোন ধরেননি। অন্যদিকে, উপ-উপাচার্য ফোন ধরলেও এ নিয়ে মন্তব্য করতে রাজি হননি।
এদিকে, উপাচার্যের গাড়িচালক ফরহাদ হোসেন বলেন, ‘ভিসি স্যার আমাকে বললেন, “ফরহাদ আমি রিজাইন দিয়ে দিয়েছি। তুমি চলে যাও। আমি আর ক্যাম্পাসে ফিরবো না।” তাই আমি স্যারকে খুলনায় রেখে ক্যাম্পাসে চলে এসেছি।’
প্রসঙ্গত, ২০২০ সালের ২০ আগস্ট ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক ভিসি প্রফেসর ড. হারুন উর রশিদ আসকারীর মেয়াদ শেষ হয়। পরে একমাস ভিসি পদ ফাঁকা থাকে বিশ্ববিদ্যালয়ে। পরে ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর নিয়োগ পান ভিসি হিসেবে নিয়োগ পান প্রফেসর ড. শেখ আবদুস সালাম। এ ছাড়া ২০২১ সালের ৩০ জুন প্রো-ভিসি হিসেবে নিয়োগ পান প্রফেসর ড. মাহবুবুর রহমান এবং ২০২১ সালের ৫ মে ট্রেজারার হিসেবে নিয়োগ পান প্রফেসর ড. আলমগীর হোসেন ভুঁইয়া।









