ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-সুলতানপুর সড়কের সদর উপজেলার কোড্ডায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতরা দুজনই মোটরসাইকেল আরোহী ছিলেন। আহত হয়েছেন অটোরিকশায় থাকা পাঁচ জন। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন– ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার নয়পুর গ্রামের বাচ্চু চৌধুরীর ছেলে শাহীন চৌধুরী (৪৮) এবং শহরের মধ্যপাড়া এলাকার শঙ্কর মিয়ার ছেলে রবিউল মিয়া চঞ্চল (৩৮)।
স্থানীয় ইউনিয়ন পরিষদ মেম্বার মো. সোহরাব ও প্রত্যক্ষদর্শীরা জানান, কোড্ডা এলাকায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের বিকট শব্দে স্থানীয়রা সেখানে যান। তারা দেখেন, মোটরসাইকেলে আরোহী দুজন ঘটনাস্থলে পড়ে আছেন এবং দুজনই মৃত। আহতদের উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল জানান, খবর পেয়ে তিনি সেখানে ছুটে যান। তবে ঘটনাস্থল জেলা সদর হওয়ায় সেখানকার পুলিকে খবর দেওয়া হয়েছে।
সদর থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।









