জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী চায় অবাধ-নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গঠিত হোক। এ জন্য নতুন এ অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা কোনও সময় বেঁধে দিতে চাই না। সংবিধান সংশোধনসহ রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে থাকা দুর্নীতি উৎখাতে যতদিন সময় লাগবে, ততদিন সময় দিতে চাই।’
রবিবার বিকালে যশোর জেলা পরিষদ (বিডি হল) মিলনায়তনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামী যশোর শহর সাংগঠনিক জেলা শাখার সভাপতি অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে সভায় জামায়াত সেক্রেটারি আরও বলেন, ‘এমন কোনও নির্বাচন চাই না যে, ভোটের দিন আমরা স্বাধীনভাবে ভোট দিতে পারবো না। ভোটের দিন ভোট দিতে গেলে আওয়ামী লীগ-ছাত্রলীগের সন্ত্রাসীরা বলবে, “ভোট দেওয়া হয়ে গেছে, ব্যালট বাক্স নিয়ে গেছে।” দিনের ভোট রাতে হয়ে যাবে– এমন নির্বাচন বাংলাদেশে আর কোনোদিন হতে দেওয়া হবে না। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতনের পর নতুন যে সরকার গঠিত হয়েছে তারা জনগণের এ প্রত্যাশা পূরণ করবে।’
জামায়াতে ইসলামী যশোর শহর সাংগঠনিক জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুসের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন– দলের যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মো. মোবারক হোসেন।
সভাশেষে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ আন্দোলনে শহীদদের পরিবারের সদস্যদের গোপনীয়তার মধ্য দিয়ে অর্থ সহায়তা দেওয়া হয়। একই সঙ্গে আগামীতেও এসব পরিবারের পাশে থাকার ঘোষণা দেওয়া হয়।









