এক বাসচালককে শনিবার রাতে মারধরের অভিযোগ কক্সবাজারসহ দক্ষিণ চট্টগ্রামের সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। রবিবার সকাল থেকে চট্টগ্রাম থেকে কোনও বাস দক্ষিণ চট্টগ্রাম এবং কক্সবাজার অভিমুখী সড়কে ছেড়ে যায়নি। একইভাবে কোনও বাস আসেনি। চালকের ওপর হামলাকারীদের বিচার দাবিতে সকালে চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় পরিবহন শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ করছেন। এ জন্য বাস বন্ধ থাকায় যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
নজরুল ইসলাম নামে এক পরিবহন শ্রমিক বলেন, ‘শনিবার রাতে ঈগল পরিবহনের এক চালককে অন্যায়ভাবে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দোহাজারী কসাইপাড়া এলাকায় মারধর করে আহত করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে শাস্তির দাবিতে যান চলাচল বন্ধ করে আমরা প্রতিবাদ করছি।’
নতুন ব্রিজ এলাকায় বিক্ষুব্ধ শ্রমিকরা অভিযোগ করেন, ‘কিছু শ্রমিকনেতা আমাদের রক্ত শুষে খেয়েছে। একটা লোকাল বাস চট্টগ্রাম থেকে ছেড়ে গেলে কক্সবাজার পর্যন্ত যেতে এক হাজার ৬৮০ টাকা চাঁদা দিতে হচ্ছে। তারা নানান সংগঠনের নামে এসব চাঁদাবাজি করছে।’
ওমর ফারুক নামে পটিয়া উপজেলার এক বাসিন্দা জানান, আগাম কোনও ঘোষণা ছাড়া সকাল থেকে বাস চলছে না। এ কারণে লোকজনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এদিকে, সপ্তাহের প্রথম কর্মদিবসে গাড়ি না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। কেউ পায়ে হেঁটে, কেউবা তিন চাকার বাহনে চড়ে ছুটছেন গন্তব্যে। এ জন্য গুনতে হয়েছে বাড়তি ভাড়া।









