সুনামগঞ্জ কারাগারে অসুস্থ হওয়ার পর সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার কথা ছিল। তবে সেখানে না নিয়ে তাকে নেওয়া হয়েছে সিলেট কেন্দ্রীয় কারাগারে। ওই কারাগারেই তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিরাপত্তা ও শারীরিক অবস্থা পর্যালোচনা করার পর তাকে নেওয়া হতে পারে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে।
শনিবার (৫ অক্টোবর) বিকালের দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সুনামগঞ্জ থেকে বাদাঘাটে সিলেট কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।
সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার সাখাওয়াত হোসেন রুবেল জানান, সাবেক মন্ত্রী মান্নানকে কারাগারে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালে নেওয়ার বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
এদিকে, শনিবার বিকালে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে বলেছিলেন, ‘কারাগারের ডিআইজি আমাকে জানিয়েছেন এমএ মান্নান অসুস্থ হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হচ্ছে। খবর পেয়ে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। তার শারীরিক অবস্থার অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা করা হবে। তিনি হাসপাতালে ডিভিশন পাবেন।’
জানা যায়, গত ৪ আগস্ট সুনামগঞ্জের ছাত্র-জনতার বিক্ষোভ চলাকালে যে হামলা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে হওয়া মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। গত ১৯ সেপ্টেম্বর রাত দেড়টার দিকে শান্তিগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
আরও খবর: কারাগার থেকে হাসপাতালে আনা হচ্ছে সাবেক মন্ত্রী এম এ মান্নানকে









