সাময়িক বরখাস্ত হওয়া লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থীরা।
সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টায় ডুয়েট ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তারা। বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডুয়েটের প্রধান ফটকে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে ডুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ শাহজালাল বলেন, ‘তাপসী তাবাসসুম দেড় হাজার মানুষকে যারা শহীদ করেছে, তাদের পক্ষে কথা বলেছেন। এদেশে শহীদ আবু সাঈদের বিরুদ্ধে কথা বলা মানে জুলাই বিপ্লবের দেড় হাজার শহীদের বিরুদ্ধে কথা বলা। উর্মি যদি মনে করে এরকম মিথ্যাচারের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদ আবার ফিরিয়ে আনবেন, তিনি ভুল ভেবেছেন। অবিলম্বে তাকে বিচারের আওতায় আনতে হবে।’
অপর শিক্ষার্থী আরমান বলেন, ‘উর্মির মতো গণহত্যার উসকানিদাতা এবং আওয়ামী লীগের দোসরদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। এদের মতো ফ্যাসিবাদের দোসর যতদিন দেশে থাকবে ততদিন রাষ্ট্র সংস্কার সফল হবে না। তাকে দ্রুত চাকরিচ্যুত করতে হবে এবং বিচারের আওতায় আনতে হবে।’
মিছিল শেষে শহীদ আবরার ফাহাদসহ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের জন্য ডুয়েট কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
প্রসঙ্গত, নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। রবিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিনের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
গত শনিবার (৫ অক্টোবর) নিজের ফেসবুকে তাপসী তাবাসসুম উর্মি লিখেছেন, ‘সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ। কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।’








