চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তের হামলায় দুই বিএনপি কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া আরেকজনকে পিটিয়ে আহত করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) বিকালে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডে পৃথক দুটি ঘটনায় তারা আহত হন।
গুলিবিদ্ধ দুজন হলেন– মাসুদ পারভেজ রনি (৩৬) ও মো. সাগর (৩৩)। তারা দুজনই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
তার মধ্যে রনি রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলামের ছেলে এবং সাগর একই এলাকার মো. ওসমানের ছেলে।
চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার বলেন, ‘রাউজান নোয়াপাড়া এলাকায় দুজন আহত হওয়ার বিষয়টি শুনেছি। আমি খোঁজ নিয়ে পরে জানাতে পারবো।’
স্থানীয় লোকজন জানিয়েছেন, চারটি সিএনজি অটোরিকশা যোগে একদল অস্ত্রধারী সন্ত্রাসী এসে গুলি করে পালিয়ে যায়। রনির হাতে ও পায়ে তিনটি গুলি এবং সাগরের হাঁটুতে গুলি লাগে। গুলিবিদ্ধ দুজনকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা দুজনই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।
এদিকে, অপর ঘটনায় নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাবুল মিয়ার ভাই ইউনুস ওরফে মনাকে পিটিয়ে আহত করা হয়। নোয়াপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান বলেন, ‘রাউজানের নোয়াপাড়া এলাকায় দুজন গুলিবিদ্ধ হওয়া সম্পর্কে আমাকে এখন পর্যন্ত কেউ জানায়নি। তবে ইউপি চেয়ারম্যানের ভাইকে মারধরের বিষয়টি জেনেছি। ভুক্তভোগীকে মামলা করার পরামর্শ দিয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'









