জেলার শ্রীনগর উপজেলার বাঘড়ার আলোচিত পাঁচ খুনের মামলার প্রধান আসামি আইয়ূব আলী(৬০) চেয়ারম্যানের ফাঁসি কার্যকর হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে (হাই সিকিউরিটি) এ ফাঁসি কার্যকর হয়।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এসময় গাজীপুরের জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা সিভিল সার্জন উপস্থিত ছিলেন।
ওসি জানান, বুধবার ভোররাত ৪টার দিকে আইয়ূব আলী চেয়ারম্যানের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে বুধবার সকালে তাকে বাঘড়া এলাকার নিজ বাড়ির প্রাঙ্গণে দাফন করা হয়। রবিবার তার ফাঁসির রায় কার্যকর করার কথা ছিল। পরে তা স্থগিত করা হয়।
১১ মার্চ আইয়ূব আলীর ফাঁসির সংবাদে এলাকাবাসী ঢাকা-দোহার সড়কের আল-আমিন বাজারে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।
২০০১ সালের ৭ জুলাই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় প্রভাবশালী দুই রাজনীতিক আইয়ূব আলী ও মনোয়ার আলীর সমর্থকদের একের পর এক সংঘর্ষে পাঁচজন নিহত হন। এ সংক্রান্ত মামলায় আদালত ২০০৫ সালে আইয়ূব আলীর বিরুদ্ধে ফাঁসির রায় প্রদান করে। আপিল বিভাগ ২০১৩ সালে এ রায় বহাল রাখে।
এ মামলায় আইয়ূব আলী চেয়ারম্যানের ছোট ছেলের যাবজ্জীবন সাজা হয়েছে। আইয়ূব আলী বাঘড়া ইউনিয়নের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। সর্বশেষ মামলা চলাকালীন ২০০৩ সালে জেলে থাকাবস্থায়ও চেয়ারম্যান নির্বাচিত হন।
/জেবি/এইচকে/








