বগুড়ার শিবগঞ্জের বুড়িগঞ্জ ইউনিয়নে নির্বাচনি সহিংসতায় আওয়ামী লীগ কর্মী মাহাতাব আলী(৫৫) নিহতের ঘটনায় বুধবার ১৭৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বিএনপি চেয়ারম্যান প্রার্থী ওবাইদুল ইসলামকে প্রধান আসামি করে ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে এ মামলা দায়ের করা হয়। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করেন।
নিহত আওয়ামী লীগের কর্মী মাহাতাব আলী খাদইল গ্রামের মৃত বদরুদ্দিনের ছেলে এবং শিবগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক ছিলেন। সকালে নিহতের স্ত্রী আকতারুন্নেছা শিবগঞ্জ থানায় এ মামলা মামলাটি করেন। পুলিশ এরইমধ্যে ১১ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে আটজন এজাহার নামীয়।
জানা যায়, শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নে বিএনপির সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ওবাইদুল ইসলামের কার্যালয় ভাঙচুর করা নিয়ে আওয়ামী লীগ প্রার্থী আবদুল গফুরের সমর্থকদের সঙ্গে বিরোধ সৃষ্ট হয়। এর জের ধরে সোমবার রাতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী গফুরের ভাগ্নে মাহাতাব আলী নিহত হন।
বিএনপি চেয়ারম্যান প্রার্থী এ হত্যাকাণ্ডের ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করে সাংবাদিকদের বলেন, ‘আওয়ামী লীগ প্রার্থীকে বিজয়ী করতে এটা তার বিরুদ্ধে ষড়যন্ত্র।’ মামলার পর থেকে তিনি ও তার সমর্থক অন্য আসামিরা আত্মগোপন করেছেন। ফলে তার নির্বাচনী প্রচারণা প্রায় থেমে গেছে বলে জানা যায়।
/জেবি/এইচকে/








