গাজীপুরে ট্রাক ও কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। বুধবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় মহানগরীর বাসন থানার চান্দনা চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাহেদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন– মামুন মিয়া (২৯) দুলাল মিয়া (২৭) ও সালেহা আক্তার (২৪)। একজনের পরিচয় পাওয়া যায়নি।
নিহত মামুন মহানগরীর বাসন থানার নজরুল ইসলামের ছেলে এবং সালেহা চান্দনা চৌরাস্তা এলাকার মোশাররফ হোসেনের স্ত্রী।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাহেদুল ইসলাম জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় যাত্রীবাহী অটোরিকশাকে দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় সামনে থাকা কাভার্ডভ্যান ও পেছনের ট্রাকের মাঝখানে চাপা পড়ে অটোরিকশাটি। যাত্রী দুলাল মিয়া ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা গুরুতর আহত তিন জনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন জনের মৃত্যু হয়।
হাসপাতালের আবাসিক চিকিৎসক শেখ ফাহাদ জানান, রাতেই তিন জন পুরুষ এবং একজন নারীকে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।









