ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিত্য সরকার (৪৪) নামে মানিকগঞ্জ কারাগারের এক হাজতি আসামি মারা গেছেন। শনিবার মানিকগঞ্জ কারাগারের সুপার মো. হুমায়ুন কবীর খান জানান, শুক্রবার দিবাগত রাতে তিনি মারা গেছেন।
নিত্য সরকার হরিরামপুর উপজেলার কালৈই গ্রামের জগদীশ সরকারের ছেলে। তিন সন্তানের বাবা ছিলেন তিনি। পেশায় কাঠমিস্ত্রির কাজ করতেন।
মানিকগঞ্জ কারাগারের সুপার জানান, হাজতি আসামি নিত্য সরকার গত ৩১ ডিসেম্বর অসুস্থ হলে তাৎক্ষণিক কারা চিকিৎসকের পরামর্শে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেয়। কারা কর্তৃপক্ষ ঢাকা জেলের মাধ্যমে তাকে ওই হাসপাতালে ভর্তি করে।
জানা গেছে, নিত্য সরকার গত ৩০ অক্টোবর হরিরামপুর থানার একটি নাশকতা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন।
শনিবার মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জেল সুপার জানিয়েছেন।









