লালমনিরহাটের হাতিবান্ধায় মেডিক্যাল মোড় এলাকার একটি বেসরকারি ক্লিনিকের ডিজিটাল সাইনবোর্ডের স্ক্রিনে ‘আবার ফিরবে ছাত্রলীগ, জয়বাংলা জয় বঙ্গবন্ধু’ লেখা প্রদর্শন করা হয়েছে।
রবিবার (১৯ জানুয়ারি) রাত ৮টায় ‘হাতিবান্ধা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম’ নামে ওই ক্লিনিকের ডিজিটাল সাইনবোর্ডে লেখাটি স্ক্রল হতে থাকে।
সফ্টওয়্যার হ্যাকিং হয়েছে বলে দাবি করেছে ক্লিনিক কর্তৃপক্ষ। এর বাইরে তারা মন্তব্য করতে রাজি হয়নি।
স্থানীয়রা জানাচ্ছেন, বেসরকারি ওই ক্লিনিকটি যৌথমালিকানায় পরিচালিত হয়ে আসছে। বিএনপি ও আওয়ামীপন্থি লোকের মালিকানা রয়েছে।
এ বিষয়ে হাতিবান্ধা থানার (ওসি) তদন্ত মামুন হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের চোখের সামনেই লেখাটি ভেসে উঠছিল। আমরা দেখেছি। সফ্টওয়ার থানায় নিয়ে এসেছিলাম। ক্লিনিকের পক্ষ থেকে একটি জিডি (সাধারণ ডায়েরি) করা হয়েছে।’









