ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ সোহেল রানা (৩৩) নামে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকের এক কর্মকর্তাকে আটক করা হয়েছে।
সোমবার সকালে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম।
তিনি বলেন, ‘জেলা পুলিশের বিশেষ অভিযানে রবিবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পৌরশহরের গোবিন্দনগর এলাকা থেকে অস্ত্রসহ ওই যুবককে আটক করা হয়।’
আটক যুবক ওই এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে। তিনি সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পল্লীবিদ্যুৎ বাজারে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিংয়ে কর্মরত রয়েছেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘আটক সোহেলের বাড়িতে বিশেষ অভিযানে তার বাড়ি তল্লাশির সময়ে তার কক্ষের বিছানার নিচ থেকে বিদেশি পিস্তলটি উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক সোহেলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রজু প্রক্রিয়াধীন রয়েছে।’
এ ছাড়াও অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে রহিমানপুর পল্লী বিদ্যুৎ এলাকা থেকে হরিনারায়ণপুর এলাকার আব্দুর রহিমের ছেলে পলাতক কারাদণ্ডিত আসামি গোলাম কিবরিয়াকে গ্রেফতারসহ গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায় আরও ১৬ জনকে গ্রেফতার করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন– ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠুসহ কর্মরত বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা।









