সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের উল্লাপাড়া উপজেলার চালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন– সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মাগুরাডাঙ্গা গ্রামের আব্দুল মালেক আকন্দের ছেলে ফারুক হোসেন (৩২), একই গ্রামের সানোয়ার উদ্দিনের ছেলে মোহাম্মদ রনি হোসেন (২৩)। আহত হয়েছেন মাগুরাডাঙ্গা গ্রামের সমেশ প্রামাণিকের ছেলে হারুন অর রশিদ (২৮)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, ‘রাতে পাবনা থেকে একটি যাত্রীবাহী বাস কক্সবাজার যাচ্ছিল। বাসটি ঢাকা-পাবনা মহাসড়কের উল্লাপাড়া উপজেলার চালা এলাকায় পৌঁছালে একটি ব্যাটারি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি গুঁড়িয়ে গিয়ে ঘটনাস্থলে দুই যাত্রী নিহত এবং আহত হন এক যাত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।’








