
২০১৫ সালে বিএনপি জোটের অবরোধ চলাকালে বাসে অগ্নিসংযোগ ও বাসের হেলপার মুরাদ মোল্লাকে পুড়িয়ে হত্যা মামলায় চার্জশিট দিয়েছে পুলিশ। চার্জশিটে বিএনপি নেতা সাবেকমন্ত্রী তরিকুল ইসলামসহ বিএনপি-জামায়াতের ৬৫ নেতাকর্মীকে অভিযুক্ত করা হয়েছে। একইসঙ্গে অভিযোগ না পাওয়ায় একজনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা মঙ্গলবার আদালতে এ চার্জশিট দাখিল করেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ৬ জানুয়ারি ভোর রাতে বিএনপি নেতা তরিকুল ইসলাম ও জামায়াত নেতা অধ্যাপক আব্দুর রশিদের নির্দেশে আসামিরা মানুষ হত্যা ও সম্পদের ক্ষতিসাধনের লক্ষ্যে উপশহর মারকাজ মসজিদের সামনে পার্কিং করা একটি বাসে অগ্নিসংযোগ করে। সেসময় ওই বাসে ঘুমিয়ে ছিল হেলপার মুরাদ মোল্লা। আগুনে পুড়ে দগ্ধ হন মুরাদ। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে এবং মুরাদকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। অবস্থা খারাপ হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় এসআই শাহিনুর রহমান বাদী হয়ে অগ্নিসংযোগ, নাশকতা ও পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন। এর মধ্যে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ১০ জানুয়ারি মারা যান মুরাদ। পরবর্তীতে পুলিশের দায়ের করা মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার তৎকালীন ওসি শেখ গণি মিয়া অগ্নিসংযোগ ও হত্যার ঘটনায় বিএনপি নেতা তরিকুল ইসলামসহ ৬৫ জনের সম্পৃক্ততার প্রমাণ পান। এরপর তিনি এ চার্জশিট দাখিল করেন। একইসঙ্গে অভিযুক্তদের মধ্যে ৫৫ জনকে পলাতক দেখিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন তিনি।
/এসটি/








