যশোরের রামনগর রাজারহাটে প্রতিপক্ষ সন্ত্রাসীদের হাতে রাসেল হাসান (২২) নামে এক যুবক খুন হয়েছেন। বুধবার বেলা তিনটার দিকে রাজারহাট কোল্ড স্টোরেজের কাছে এই হত্যাকাণ্ডে ঘটনা ঘটে।নিহত রাসেল রামনগর পুকুরকুল গ্রামের ছেলে এবং মুড়লি মোড়ে একটি মোটর পার্টস দোকানের কর্মচারী। তিনি যুবলীগ নেতা আলমগীর হোসেন হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। মাসখানেক আগে রাসেল যশোর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে বের হন।

ঘটনার পরপরই পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বেলা আড়াইটার দিকে রাসেল মুড়লি মোড়ের দিকে যাচ্ছিলেন। এসময় দুটি মোটরসাইকেলে ৫জন সন্ত্রাসী রাজারহাট কোল্ড স্টোরেজের কাছে রাসেলের গতিরোধ করে। এরপর রাসেল পালানোর চেষ্টা করলে সন্ত্রাসীরা ধারাল অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে।
পুলিশ নিশ্চিত করেছে যে, নিহত রাসেল যশোর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন হত্যা মামলার চার্জশিটভুক্ত (১৬ নম্বর) আসামি। আলমগীর হত্যার বদলা হিসেবে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে স্থানীয়দের ধারণা।
কোতোয়ালী থানার ওসি ইলিয়াস হোসেন জানান, কী কারণে এই হত্যাকাণ্ড তা এখনই বলা যাচ্ছে না। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
/এআর/টিএন/








