র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে খুলনায় পালিত হয়েছে বিশ্ব যক্ষ্মা দিবস ২০১৬। বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে খুলনা স্কুল হেলথ ক্লিনিক প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় র্যালি পরবর্তী সমাবেশ। স্বাস্থ্য বিভাগ, সিভিল সার্জন অফিস, ব্র্যাকসহ অন্য সহযোগী সংস্থা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান। খুলনা সিভিল সার্জন ডা. মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনার প্রাক্তন সিভিল সার্জন ডা. মো. হামে জামাল, স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. আবদুল নাসের এবং খুলনা বিভাগীয় টিবি বিশেষজ্ঞ ডা. মো. আনোয়ারুল আজাদ।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, যক্ষা একটি সম্পূর্ণ নিরাময়যোগ্য রোগ। রোগ ধরা পড়ার সঙ্গে সঙ্গে ভয় না পেয়ে নিয়মিত চিকিৎসা গ্রহণের মাধ্যমে এ থেকে পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব। যক্ষ্মার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হলে দেশে থেকে এটি দূর করা সম্ভব। এ জন্য তিনি ব্যাপক জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
এর আগে দিবসটি উপলক্ষ্যে শহীদ হাদিস পার্ক থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। র্যালিতে বিপুল সংখ্যক সরকারি কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, ব্র্যাক, পিমে সিস্টারস, কেএমএসএস, নাটাব, পিকেএস, দ্বীপশিখা ও চ্যালেন্স টিবি’র প্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।
/এআর/








