টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ছদ্মবেশে অভিযান চালিয়ে ১৮ জন দালালকে গ্রেফতার করেছে র্যাব ও ভ্রাম্যমাণ আদালতের সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে এ অভিযান চালানো হয়। পরে তাদের প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহিম সুজন ও মো. কায়সার খসরুর নেতৃত্বে র্যাবের একটি দল অভিযান চালায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহিম জানান, ‘কর্তৃপক্ষের কাছ থেকে দীর্ঘদিন ধরেই অভিযোগ আসছিলো হাসপাতালে আসা রোগীরা প্রায়ই দালালদের মাধ্যমে প্রতারিত হচ্ছেন। এ কারণে বৃহস্পতিবার দুপুরে ছদ্মবেশে র্যাবের একটি দল হাসপাতালে আবারও অভিযান চালিয়ে ১৮ দালালকে হাতেনাতে গ্রেফতার করে।’ তিনি আরও বলেন, ‘এর আগেও অভিযান চালানো হয়, তবে এমন সাফল্য পাইনি।’
অভিযোগ আছে, এই দালালরা গরীব রোগীদের নানাভাবে প্রভাবিত করে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে নিয়ে যেত। সেখানে রোগীদের ভেজাল ঔষুধ সরবরাহ করা হত।
গ্রেফতারকৃতদের ভ্রাম্যমাণ আদালতের ১৮৮৯ এর ৭৯/৬ ধারা মোতাবেক তিনমাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
/এনএস/টিএন/








