খুলনা মহানগরীর বানরগাতি আল-আমিন মহল্লায় জাকির হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে পারিবারিক কলহের জেরে স্ত্রী-সন্তানরাই তাকে হত্যা করে থাকতে পারেন।
শুক্রবার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে রক্ত মাখা বটি ও চাপাতি জব্দ করেছে।
এ ঘটনায় পুলিশ নিহতের স্ত্রী মর্জিনা বেগম এবং দুই মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়েছেন।
সোনাডাঙ্গা থানার এসআই মাসুম বিল্লাহ বলেন, সন্ধ্যার পর যে কোনও সময় জাকিরকে জবাই করে হত্যা করা হয়ে থাকতে পারে। পুলিশ খবর পেয়ে নিহতের বাসার শয়ন কক্ষ থেকে লাশ উদ্ধার করে।
হত্যাকাণ্ডের সময় খুনীদের সঙ্গে জাকিরের ধস্তাধস্তির আলামত পাওয়া গেছে বলেও জানান তিনি।
সোনাডাঙ্গা থানার এস আই আলমগীর বলেন,জাকির ভারত থেকে ব্লাকে কাপড় এনে বিক্রি করতেন। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশটি খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, পারিবারিক কলোহের জেরে স্ত্রী, ২ মেয়ে ও মেয়ের জামাই মিলে তাকে হত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে তার মেয়েরা পলাতক রয়েছেন।
স্থানীয় বাসিন্দা সরবানু বেগম বলেন, জাকির হোসেন একাধিক বিয়ে করেছিলেন। যা নিয়ে পারিবারিকভাবে অশান্তিতে ছিলেন তিনি।
/এনএস/এসএনএইচ/








