থমথমে জঙ্গল সলিমপুর, সন্ত্রাস নির্মূলে অভিযানের প্রস্তুতি

নাসির উদ্দিন রকি, চট্টগ্রাম
২১ জানুয়ারি ২০২৬, ০৮:০০আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ০৮:০০

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় এক র‌্যাব সদস্য নিহত এবং তিন জন আহতের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় মোতালেব হোসেন ভূঁইয়া নামে এক র‌্যাব কর্মকর্তা মারা যান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিন র‌্যাব সদস্য।

জানা গেছে, র‌্যাব সদস্যরা জঙ্গল সলিমপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী ইয়াসিনসহ অন্যদের গ্রেফতারে অভিযান পরিচালনা করে। ওই সময় ইয়াসিন জঙ্গল সলিমপুরের ১ নম্বর সাংগঠনিক ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের প্রধান কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিল। র‌্যাবের টিম অভিযানে যাওয়ার বিষয়টি টের পেয়ে অনুষ্ঠানের মাইকে ঘোষণা দিয়ে লোকজনকে জড়ো করে র‌্যাবের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

র‌্যাবের ওপর হামলার একটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, র‍্যাবের দুটি মাইক্রোবাস (হাইয়েস) সলিমপুরে যাওয়ার পর লাঠিসোঁটা নিয়ে কিছু ব্যক্তি সেটিকে ধাওয়া দিচ্ছেন। একপর্যায়ে মাইক্রোবাস দুটির কাচ ভাঙচুর করেন তারা। হামলার সময় ওই এলাকায় মাইকে ঘোষণা দেওয়ার শব্দ শোনা যাচ্ছিল। ঘোষণায় এলাকার ফটক আটকানোর জন্য বলছিলেন এক ব্যক্তি।

আরেকটি ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে বসে আছেন আহত কয়েকজন র‍্যাব সদস্য। তাদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ব্যান্ডেজ। কক্ষের মেঝে রক্তে লাল হয়ে আছে। পুলিশ সদস্যরা আহত র‍্যাব সদস্যদের গাড়িতে তুলে দিয়ে আসছেন।

স্থানীয় লোকজন জানান, হামলাকারীরা র‌্যাবের চার সদস্যকে তুলে নিয়ে যায় বিএনপির উদ্বোধন হওয়া নতুন কার্যালয় সংলগ্ন একটি দোকানে। সেখানে তাদের পিটিয়ে গুরুতর আহত করা হয়। নিহত র‌্যাব সদস্য মোতালেবকে পায়ে গুলি করা হয় এবং পিটিয়ে আহত করা হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিম গিয়ে আহত তিন র‌্যাব সদস্যকে উদ্ধার করে।

র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, ‘সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় মেজর জালিস মাহুমুদ খানের নেতৃত্বে র‌্যাব-৭-এর ৪৩ জন সদস্য সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতারের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করেন। সে সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাইকে ঘোষণা দিয়ে আনুমানিক ৪০০ থেকে ৫০০ জন দুষ্কৃতকারীরা র‌্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। দুষ্কৃতকারীদের অতর্কিত হামলায় র‌্যাবের চার জন সদস্য গুরুতর আহত হন। পরে থানা পুলিশের সহযোগিতায় আহত র‌্যাব সদস্যদের উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম সিএমএইচে পাঠানো হয়। নায়েব সুবেদার মোতালেব হোসেন ভূঁইয়াকে সিএমএইচের জরুরি বিভাগে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি তিন র‌্যাব সদস্য চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।

জঙ্গল সলিমপুরে বসবাসকারী চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক মিজানুর রহমান রাজু বলেন, ‘ইয়াসিন কখনও বিএনপির রাজনীতিতে জড়িত ছিলেন না। বিগত সময়ে আওয়ামী লীগের সঙ্গে তার দহরম-মহরম ছিল। যে কার্যালয়টি নতুন করে উদ্বোধন করা হয়েছে সেটি উদ্বোধনের কী আছে। কার্যালয়টি আগে থেকে ছিল। এটি লোক দেখানো। ইয়াসিন জঙ্গল সলিমপুরের স্বঘোষিত রাজা। তার কথার অবাধ্য হলে এখানে কেউ থাকতে পারে না। সলিমপুরে ইয়াসিনের কথাই শেষ কথা।’

তিনি আরও বলেন, ‘আমিও এখন এলাকায় থাকতে পারি না। গত ৩০ অক্টোবর অতর্কিতভাবে আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। আমাকে সলিমপুর থেকে বের করে দেওয়া হয়েছে। আমি বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেও কোনও প্রতিকার পাইনি।’

জামাল উদ্দিন নামে সলিমপুরের স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘সোমবার জঙ্গল সলিমপুরের ১ নম্বর সাংগঠনিক ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের প্রধান কার্যালয় হিসেবে যেটি উদ্বোধন করা হয়েছে সেটি আগে আওয়ামী লীগের কার্যালয় ছিল। ৫ আগস্টের পর থেকে এ কার্যালয় কেউ খুলছে না। আওয়ামী লীগের অনেকেই এলাকায় নেই। ওই কার্যালয়কে নতুন করে সাজিয়ে বিএনপি কার্যালয় হিসেবে উদ্বোধন করা হয়েছে।’

এ ঘটনার বিষয়ে সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর বলেন, ‘জঙ্গল সলিমপুরে কীভাবে র‌্যাব সদস্য নিহত ও আহত হয়েছেন তা আমার জানা নেই। যারাই এ ঘটনার সঙ্গে জড়িত থাকুক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।’

এদিকে, নিহত র‌্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভূঁইয়ার নামাজে জানাজায় অংশ নিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান সাংবাদিকদের বলেন, ‘জঙ্গল সলিমপুর, যা একটি সন্ত্রাসীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। খুব শিগগিরই আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সেখানে যারা অবৈধভাবে বসবাস করছে, অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী রয়েছে, তাদের নির্মূল করা হবে।’

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‌্যাবের ওপর হামলায় জড়িতদের ধরতে সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনীর সমন্বয়ে দ্রুত যৌথ অভিযান পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ, ভিডিও এবং মোবাইল ফোনের তথ্য পর্যালোচনা চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনও লিখিত এজাহার পাওয়া যায়নি। এজাহার পাওয়ামাত্রই মামলা রুজু করা হবে।’

প্রশাসনিক কাঠামোতে জঙ্গল সলিমপুরের অবস্থান সীতাকুণ্ড উপজেলার আওতায় হলেও ওই এলাকায় প্রবেশ করতে হয় চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন বাংলাবাজার এলাকা দিয়ে। বায়েজিদ লিংক রোড দিয়ে ভাটিয়ারি যাওয়ার পথে ডান দিকে জঙ্গল সলিমপুর। সরকারি খাস জমির ৩ হাজার ১০০ একর জুড়ে অবস্থান জঙ্গল সলিমপুরের। টিলা কেটে গড়ে তোলা হয়েছে এ ঝুঁকিপূর্ণ বসতি।

র‌্যাব সূত্র জানিয়েছে, নিহত র‌্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভূঁইয়া গত ৭ জুলাই ১৯৯৫ সালে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবিতে যোগদান করেন। ২০২৪ সালের ২৬ এপ্রিল থেকে তিনি র‌্যাব-৭-এর অধিনায়কের এসএস হিসেবে কর্মরত ছিলেন। তার সংসারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসন্তান রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী