নেতাকর্মীদের উদ্দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আপনারা প্রত্যেক নর-নারীর ভোটের অধিকারের পাহারাদার হবেন। ভোট যার যেখানে ইচ্ছা সেখানে দেবে। কিন্তু আমরা বাক্স পর্যন্ত ভোটারকে পৌঁছে দিতে চাই। ১৩ ফেব্রুয়ারি আমরা একটি অভিশাপমুক্ত বাংলাদেশ চাই।’
মঙ্গলবার (২৭ জানুয়ারি) খুলনার সার্কিট হাউজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরী ও জেলা শাখা আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। দুপুর ২টায় থেকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগর আমির অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে সমাবেশ শুরু হয়।
খুলনার শিল্প ও কৃষি ধ্বংস হয়ে যাওয়ায় দুঃখ প্রকাশ করে জামায়াত আমির বলেন, ‘বিগত সরকারের ভুলনীতি ও লুটপাটে একের পর এক শিল্প কারখানা বন্ধ হয়েছে। জামায়াত আল্লাহর ইচ্ছায় ও জনগণের রায়ে রাষ্ট্র ক্ষমতা পেলে বন্ধ মিল-কারখানা চালুর পাশাপাশি নতুন নতুন কারখানা স্থাপন হবে। আমরা যুবকদের হাতে বেকার ভাতা তুলে দিয়ে তাদের অপমান করতে চাই না। আমার তাদের হাতে কাজ তুলে দিতে চাই। যুব সমাজকে কর্মসংস্থানের মাধ্যমে তাদের সম্মানিত করতে চাই। জুলাই বিপ্লবে তাদের যে অবদান কিছুটা হলেও তার ঋণ শোধ করতে চাই।’
তিনি বলেন, ‘এমপি হয়ে পাঁচ বছরেই সম্পদের মালিক হয়ে যায়। কী করে এসব হলো জিজ্ঞাসা করলে বলে, মাছ চাষে। পানির নিচের জিনিস দেখা যায় না। আমাদের মধ্যে কেউ ওই রকম মাছচাষি হবেন না। হ্যাঁ, যদি কেউ মাছচাষি হনও তিনি ন্যায্যতার ভিত্তিতে হালালভাবে মাছ চাষ করবেন। জনগণের স্বপ্নকে পানির নিচে ডুবিয়ে রাখবেন না। বেগমপাড়া গড়বেন না, নিজেদের জন্য সিঙ্গাপুর বানাবেন না।’
নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘একটি দল একদিকে দিচ্ছে ফ্যামিলি কার্ড, অন্যদিকে দিচ্ছে মা-বোনদের গায়ে হাত। যারা মাকে অসম্মানিত করছেন, তাদেরকে ক্ষমা চাওয়ার আহ্বান জানাই। জনগণের রায়ে আস্থা রাখুন। অতীতে যারা আস্থা রাখেননি, তাদের পরিণতি ভালো হয়নি।’
আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, ‘আজ আমি এখানে জামায়াতের পক্ষে কথা বলার জন্য দাঁড়াইনি। বিগত ১৬ বছর যেসব মায়ের বাবার বুক খালি করা হয়েছে, যেসব বোনের কাছ থেকে স্বামীকে কেড়ে নেওয়া হয়েছে, যেসব শিশুকে পিতাহারা করা হয়েছে– আমি তাদের পক্ষে কথা বলার জন্য এখানে দাঁড়িয়েছি। ১৮ কোটি মানুষের পক্ষে কথা বলার জন্য দাঁড়িয়েছি।
‘তারা সিন্ডিকেট করে চাঁদাবাজির মাধ্যমে, ব্যাংক লুট করে, শেয়ার বাজার লুটপাট করে বিদেশে বেগমপাড়া বানিয়েছিল।’
জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘অনেকেই সন্ত্রাস, গুজব ও মিথ্যা ছড়িয়ে জোর করে ক্ষমতায় যেতে চাচ্ছে। যারা দুর্নীতি, চাঁদাবাজি, বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ, লুটপাট করে ক্ষমতায় যেতে চায়, দেশের জনগণ তাদের আর ক্ষমতায় দেখতে চায় না।’
আগামী নির্বাচনে জামায়াত দেশ পরিচালনার দায়িত্ব পেলে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে নতুন মানবিক বাংলাদেশ গঠন এবং খুলনা অঞ্চলের জলাবদ্ধতা দূরীকরণ, বিশেষায়িত হাসপাতাল আধুনিকায়ন, বন্ধ মিল কারখানা চালু, পাইপ লাইনে গ্যাস সরবরাহ, বন্দর নগরী খুলনায় আধুনিক বিমানবন্দর স্থাপন এবং ওয়ার্ল্ড হেরিটেজ সুন্দরবনকে কেন্দ্র করে পর্যটন শিল্পের বিকাশের প্রতিশ্রুতি দেন তিনি।









