জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ‘একটি দল দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে চায় এবং ক্ষমতায় গেলে দেশকে আফগানিস্তানের মতো পরিস্থিতির মুখে ফেলবে।’
মঙ্গলবার ফেনী-৩ আসনের চর দরবেশ ইউনিয়নে গণসংযোগকালে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
এ সময় আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘একটি দল জান্নাতের টিকিটও বেচে, জাহান্নামের ভয়ও দেখায়। তারা দেশে হানাহানি ও মারামারির পরিবেশ তৈরি করতে চায়।’
তিনি গণতান্ত্রিক সরকারের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, ‘নির্বাচিত সরকার ছাড়া দেশে টেকসই উন্নয়ন সম্ভব নয় এবং আইনশৃঙ্খলাও নিয়ন্ত্রণে থাকে না। জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রতি জবাবদিহিতা থাকে। আর সেই জবাবদিহিতাই উন্নয়ন কর্মকাণ্ডকে গতিশীল করে এবং প্রশাসনকে কার্যকর রাখে।’
তিনি আরও বলেন, ‘গণতান্ত্রিক ধারাবাহিকতা ব্যাহত হলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়ে। যার নেতিবাচক প্রভাব পড়ে অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতার ওপর।’
পথসভায় সাবেক পৌর মেয়র আকবর হোসেন, স্থানীয় সাবেক চেয়ারম্যান আবুল কালামসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।








