জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র দখলের যেকোনও অপচেষ্টা বাংলার জনগণ মেনে নেবে না। ভোটকেন্দ্র জনগণের অধিকার। জনগণ তাদের ভোটের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।’
রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ মাঠে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। নির্বাচনি প্রক্রিয়ায় কোনও ধরনের অনিয়ম বা সহিংসতা গণতন্ত্রের জন্য হুমকি।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘ভয় নয়, সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাবেন। আপনার ভোটই আপনার শক্তি। দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে ১১ দলীয় জোট একটি কার্যকর ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম। আগামী ১২ তারিখ এই জোটের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাওয়ার নতুন দিগন্ত উন্মোচিত হবে। জনগণের অধিকার, গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে এই জোট ঐক্যবদ্ধভাবে কাজ করবে।’ দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘১১ দলীয় জোট শুধু রাজনৈতিক জোট নয়, এটি জনগণের প্রত্যাশার প্রতিফলন। এই উদ্যোগ দেশের জন্য ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে।’
প্রশাসনের উদ্দেশ্যে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘নির্বাচনের সময় প্রশাসনকে নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রশাসন জনগণের সেবক। কোনও দল বা ব্যক্তির পক্ষে নয়। আইন ও সংবিধানের পক্ষে দাঁড়ানোই প্রশাসনের মূল দায়িত্ব। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। ভোটকেন্দ্র দখল, ভয়ভীতি বা অনিয়মের কোনও চেষ্টা হলে প্রশাসনকে কঠোরভাবে তা প্রতিহত করতে হবে।
‘প্রশাসন যদি সৎ ও নিরপেক্ষ থাকে, তাহলে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হবে। জনগণের আস্থা ফেরাতে প্রশাসনের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে কোনও ধরনের পক্ষপাতমূলক আচরণ জনগণ মেনে নেবে না।’
শাহজাদপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির সহকারী অধ্যাপক মিজানুর রহমানের সভাপতিত্বে সিরাজগঞ্জ-৪ আসনের জামায়াতের এমপি প্রার্থী আলহাজ মাওলানা রফিকুল আলম খান, সিরাজগঞ্জ-৬ আসনের এনসিপির প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজ বক্তব্য দেন। এ সময় বক্তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং শাপলা কলির পক্ষে জনমত গড়ে তোলার জন্য মাঠপর্যায়ে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। জনসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন।









