বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেছেন, ‘বিএনপি কোনও বিজয় উল্লাস করবে না। আমাদের দায়িত্ব অনেক বেশি। আমরা কোনও উত্তেজনা সৃষ্টি করতে চাই না। সরকার গঠনের পর জনগণের প্রত্যাশা পূরণ করাই এখন আমাদের প্রধান কর্তব্য। রাষ্ট্র পরিচালনায় ভুল হতে পারে, কিন্তু জনগণ মনে করেছে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিএনপির হাতেই নিরাপদ।’
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার রাতে বেসরকারিভাবে ফলাফল পাওয়ার পর পেকুয়ায় নিজ বাড়িতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।
সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘নির্বাচনের আগে ও পরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতি জনগণের ব্যাপক সমর্থন ও উচ্ছ্বাস থেকেই দলটি জনগণের প্রত্যাশা সম্পর্কে স্পষ্ট বার্তা পেয়েছে। বিএনপি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার দল।’
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমি বড়ই সৌভাগ্যবান, এই অঞ্চলের মানুষ আমাকে ভালোবাসে। আমিও তাদের ভালোবাসি। এই অঞ্চলের মানুষের প্রতি আমার যে প্রতিশ্রুতি তার চেয়ে বেশি জনআকাঙ্ক্ষা পুরণ করবো।’
এবার চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। এর আগে তিনি ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন।









