জব্দ করা ১২০ মণ নিষিদ্ধ মাগুর মাছ বিক্রি করে দেওয়ার অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি
০৩ মার্চ ২০২৬, ২২:৩৪ আপডেট : ০৩ মার্চ ২০২৬, ২২:৪১

সাতক্ষীরার কলারোয়ায় জব্দ করা ১২০ মণ নিষিদ্ধ মাগুর মাছ বিনষ্টের বদলে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে। জানা গেছে, ভ্রাম্যমাণ আদালতে জরিমানার পর ‘দফারফায়’ ট্রাকভর্তি নিষিদ্ধ মাছসহ প্রভাবশালী ব্যবসায়ীকে আটকের পর নামমাত্র জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। আর জব্দ করা মাছগুলো বিনষ্টের সরকারি নির্দেশনা থাকলেও প্রশাসনের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে সেগুলো বাজারে বিক্রির সুযোগ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার চাঞ্চল্যকর এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদুর রহমান রেজার নেতৃত্বে একটি দল কলারোয়া পৌর সদরের তুলশীডাঙ্গা ডায়াবেটিক হাসপাতালের সামনে অভিযান চালিয়ে ১২০ মণ আফ্রিকান মাগুর মাছসহ একটি ট্রাক জব্দ করে। আটক করা হয় অসাধু মাছ ব্যবসায়ী ও হেলাতলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম ওরফে ‘মাগুর আনার’কে। আটকের পর অভিযুক্ত ব্যক্তি ও মাছভর্তি ট্রাকটি উপজেলা পরিষদ চত্বরে নিয়ে যাওয়া হয়।

পরে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেবুন নাহার তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্তকে ২০ হাজার টাকা জরিমানা করেন। আদালত থেকে মাছগুলো তাৎক্ষণিক বিনষ্টের মৌখিক নির্দেশ দেওয়া হলেও বাস্তবে ঘটেনি তার প্রতিফলন।

অভিযোগ উঠেছে, প্রায় ১০ লাখ টাকা বাজার মূল্যের এই মাছগুলো কিছু অসাধু ব্যক্তির মধ্যস্থতায় ১ লাখ ২০ হাজার টাকার বিনিময়ে দফারফা করে ছেড়ে দেওয়া হয়। মঙ্গলবার ওই মাছ ঢাকাতে চড়া দামে বিক্রি করা হয়েছে বলে অনুসন্ধানে জানা গেছে।

এই ঘটনায় প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে একে অপরকে দোষারোপের প্রবণতা দেখা গেছে।

উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার বলেন, ‘আমি মাছ বিনষ্টের আদেশ দিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছিলাম (মামলা নং ১-২০২৬)। মাছ কোথায় বা কীভাবে নষ্ট করা হয়েছে তা আমি জানি না।’ তবে সাংবাদিকদের কাছে তিনি মাছ বিনষ্টের কোনও প্রমাণ দেখাতে পারেননি।

উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদুর রহমান রেজা বলেন, ‘আমার কাজ ছিল অপরাধীকে হাজির করা, আমি তা করেছি। মাছ জব্দ, অভিযুক্তকে শাস্তি ও মাছ ছেড়ে দেওয়ার এখতিয়ার আমার না, নির্বাহী ম্যাজিস্ট্রেটের।’

বিষয়টি নিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতারের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, ‘মাছ ও পরিবহন জব্দ করার পর তা ছেড়ে দেওয়া সম্পূর্ণ বেআইনি। এই ঘটনার দায় সংশ্লিষ্ট বিচারকের ওপর বর্তায়। আমরা পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখবো।’

জেলা প্রশাসক আরও বলেন, ‘আপনার মাধ্যমে অভিযোগগুলো শুনলাম। অভিযুক্ত ব্যক্তি, পরিবহন ও মাছ জব্দের পরে ছেড়ে দেওয়া আইনত সঠিক না।’

একাধিক সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা এবং মাছ নিধনের নির্দেশ দেওয়া হয় নির্বাহী ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে। কিন্তু এটা শুধু কাগজে-কলমে জব্দ ছিল, বাস্তবতা ছিল ভিন্ন। এ সময় শুধু জরিমানার অর্থ পরিশোধ করে চাষ ও বিক্রয় নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ ভর্তি পিক-আপের ১২০ মণ মাছসহ ট্রাকটি কয়েক ব্যক্তি ১ লাখ ২০ হাজার টাকার বিনিময়ে দফারফা করে ছেড়ে দেয় এবং মাছগুলো মঙ্গলবার (৩ মার্চ) ঢাকাতে বিক্রি করা হয়েছে। যে মাগুর মাছ জব্দ কাগজে-কলমে করা হয়েছে তার বাজার মূল্য ছিল ১০ লাখ টাকার বেশি।

স্থানীয়রা জানান, অভিযুক্ত আনোয়ারুল ইসলাম এর আগেও দু বার নিষিদ্ধ মাগুরসহ ধরা পড়ে মুচলেকা দিয়েছিলেন। বারবার ছাড় পেয়ে যাওয়ায় তিনি আরও বেপরোয়া হয়ে উঠেছেন।

নিষিদ্ধ এই মাছগুলো মানব শরীর, পরিবেশ ও স্বাস্থ্যের জন্য চরম হুমকি হওয়ার পরেও খোদ প্রশাসনের এমন রহস্যজনক ভূমিকা কলারোয়ায় তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।

/এমএএ/
সম্পর্কিত
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
হাসপাতালে যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ২, এখনও ফেসবুকে সক্রিয় প্রধান আসামি
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক