বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারের বাগবাড়ি এলাকায় দুর্ঘটনাকবলিত এলাকায় রেললাইন মেরামত এবং বগি উদ্ধারের পর সংস্কার লাইন দিয়ে দীর্ঘ ২১ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে পার্বতীপুর ছেড়ে আসা খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন এ সংস্কার লাইনের ওপর দিয়ে গন্তব্যস্থলে যায়।
তবে পশ্চিমাঞ্চল রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগের চেয়ে ধীরগতিতে ট্রেনগুলো চলাচল করবে।
ঢাকা ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তনগর নীলসাগর এক্সপ্রেস বুধবার বেলা আড়াইটার দিকে বগুড়ার আদমদীঘির সান্তাহার জংশনের উত্তরে বাগবাড়ি এলাকায় দুর্ঘটনার শিকার হয়। এতে ট্রেনের পেছনের নয়টি বগি লাইনচ্যুত হয়ে উত্তরাঞ্চলের পাঁচ জেলার সঙ্গে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে দুই শতাধিক যাত্রী আহত হন। বুধবার সন্ধ্যার ৭টার দিকে পাকশী ও পার্বতীপুর থেকে দুটি রিলিফ ট্রেন এসে বগিগুলো উদ্ধার এবং লাইন মেরামত কাজ শুরু করে। বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত কার্যক্রম চলে।
বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আবদুল মহিত তালুকদার, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ ও বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান এবং রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বাংলাদেশ রেলওয়ে রাজশাহীর প্রধান প্রকৌশলী আহমেদ মাসুম জানান, দুই পাশে দুটি রিলিফ ট্রেন বুধবার সন্ধ্যা থেকে উদ্ধার কাজ শুরু করে। সবার সহযোগিতায় এর মধ্যে লাইনচ্যুত বগি উদ্ধার এবং ক্ষতিগ্রস্ত রেলপথ মেরামত কাজ সম্পন্ন হয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে, তবে ধীরগতিতে চলবে এই সংস্কার লাইনের ওপর দিয়ে।
সংসদ সদস্য আবদুল মহিত তালুকদার বলেন, ‘দুর্ঘটনার বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে।’








