ফরিদপুরের বোয়ালমারীতে বড় ভাইয়ের বন্দুকে গুলিতে নিহত হয়েছেন ছোট ভাই। জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বোয়ালমারী উপজেলার চতুল এলাকায় ফায়ার সার্ভিস কার্যালয়ের পেছনে রেলগেটে এ ঘটনা ঘটে।
ঘটনার পর স্থানীয় জনতা অভিযুক্ত বড় ভাই ডা. গোলাম কবিরকে আটক করে। পরে তাকে হেফাজতে নেয় বোয়ালমারী থানা পুলিশ।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। সকালে চতুল রেলগেট এলাকায় গাছ বিক্রিকে কেন্দ্র করে ডা. গোলাম কবিরের সঙ্গে ছোট ভাই মিন্টুর বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে গোলাম কবির তার বন্দুক দিয়ে ছোট ভাই মিন্টুকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়েন। গুরুতর আহত অবস্থায় মিন্টুকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গোলাম কবিরকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুরে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
প্রসঙ্গত, ডা. গোলাম কবির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে (বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালি) সংসদ সদস্য প্রার্থী ছিলেন।









