ঝিনাইদহ সদরের পদ্মাকর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী পদ নিয়ে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে আকা মীর (৫০) নামে ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতাল ও মাগুরা সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৭ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
ঝিনাইদহ থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, জেলা সদরের পদ্মাকর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী পদ নিয়ে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা বিকাশ চন্দ্র বিশ্বাস ও আওয়ামী লীগ নেতা নিজামুল গণি লিটুর সমর্থকদের মধ্যে সকাল ৭টার দিকে ছয়াইল গ্রামে সংঘর্ষ হয়। দেশীয় অস্ত্র –শস্ত্র, ঢাল-বল্লম নিয়ে লিপ্ত হওয়া এ সংঘর্ষে কমপক্ষে ২০জন আহত হন।
আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে আনা হলে ছয়াইল গ্রামের বেলাত আলী মীরের ছেলে আকা মীরকে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এপিএইচ/








