সাতক্ষীরায় ভারত থেকে অবৈধভাবে আনা ৬৮ কেজি চন্দন কাঠসহ মি. উ ইউ জন নামে এক চীনা নাগরিককে আটক করেছে ডিবি পুলিশ। এসময় জড়িত থাকার সন্দেহে আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে মিকাইলকেও (৩০) আটক করা হয়েছে।
শুক্রবার বিকেল ৪টা ৪৫ মিনিটে শহরের খুলনা রাস্তার মোড় থেকে তাদের আটক করা হয়। আটকৃত ওই চন্দন কাঠের মূল্য ২ লাখ ৭৪ হাজার ৬শ’ টাকা।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক শেখ বলেন, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জেলার খুলনা রোডের মোড় থেকে চীনা নাগরিক মি. উ ইউ জন ও বাংলাদেশি নাগরিক মিকাইল ইসলামকে আটক করে। পরে তাদের কাছে থাকা কয়েকটি কার্টুন ও লাগেজ তল্লাশি করে প্রায় ২ লাখ ৭৪ হাজার ৬০০ টাকা মূল্যের ৬৮ কেজি চন্দন কাঠ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, চীনা নাগরিক মি. উ ইউ জন বাংলাদেশে আগমনের স্বপক্ষে কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। আসামিরা শহরের কাটিয়ার চৌধুরীপাড়ায় একটি ভাড়া বাসায় তিন মাস ধরে অবস্থান করে ভারত থেকে চোরাচালান করে পণ্য এনে ঢাকায় বিক্রয় করে আসছে।
চীনা নাগরিক মি. উ ইউ জন ও আসামি মিকাইলের (৩০) বিরুদ্ধে স্পেশাল পাওয়ার অ্যাক্ট আইনে সাতক্ষীরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে বিনা পাসপোর্টে অবস্থান করায় তার বিরুদ্ধে পৃথকভাবে বিদেশি নাগরিক সম্পর্কিত আইন ও বাংলাদেশ প্রবেশ নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানান সদর থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক শেখ।
/এসএনএইচ/








