বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আরিচা ঘাটের যমুনার তীরে এক বর্ণাঢ্য বৈশাখী ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে। শতদল নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই ঘুড়ি উৎসবের আয়োজন করে। মানিকগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমান বৃহস্পতিবার বিকেলে এ ঘুড়ি উৎসবের উদ্বোধন করেন।
উৎসবে কৈইরা, চিলা, পতেঙ্গা, ফুল, বিমান, ময়ূরসহ বিভিন্ন ধরনের বাহারি ঘুড়ির প্রতিযোগিতা হয়। এতে বৈচিত্র্যময় এবং দর্শনীয় সেরা ৩৬টি ঘুড়ির জন্য পুরস্কার প্রদান করা হয়। উৎসবে বিভিন্ন প্রকার ঘুড়ির স্টলের পাশাপাশি ভোজন রসিকদের জন্য ছিলো চটপটি, ফুচকাসহ নানা ধরনের খাবারের দোকান। এছাড়া উন্মুক্ত মঞ্চে ছিলো শতদল শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান।
উৎসবের শেষে সন্ধ্যায় ঘুড়ি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে দৌলতপুর উপজেলার খলসি গ্রামের লোকমান হোসেন বিশেষ পুরস্কার হিসেবে ১৪ ইঞ্চি রঙিন টেলিভিশন পান।
অনুষ্ঠানে শিবালয় বন্দর বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মানিকগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন,শিবালয় উপজেলা চেয়ারম্যান আলী আকবর, ভাইস চেয়ারম্যান আলী আহসান মিঠুসহ প্রমুখ।
/এমও/এমএসএম








