দিনাজপুরের খানসামা উপজেলার পৃথক দুই স্থানে অগ্নিকাণ্ডে ২৬টি পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। ওই দু’টি ঘটনায় প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জানা যায়, উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের বাশুলী গ্রামে গত বুধবার দুপুরে ছোট বাবুর বাড়ির শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ওই এলাকার ১৫টি পরিবারের প্রায় ৪০টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
অন্যদিকে একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় একই উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের কামারপাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহুর্তেই আগুন ওই এলাকার ১১টি বাড়িতে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে নীলফামারী ফায়ার সার্ভিসের সদস্যরা ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ওই এলাকার ১১টি পরিবারের ৩৫টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
এ দুই দুর্ঘটনায় গরু, ছাগলসহ প্রায় ৬০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে ভুক্তভোগীদের দাবি।
খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজেবুর রহমান বলেন, ঘটনার পরপরই প্রশাসনের কর্মকর্তারা ক্ষয়ক্ষতির তালিকা করছে।
/এসএনএইচ/








