যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের নোয়ালী গ্রামে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষের মধ্যে পড়ে রাজু হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রাজু হোসেন তালসারী গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
স্থানীয়রা জানিয়েছে, বাংলা নববর্ষ উপলক্ষে নোয়ালী গ্রামে বৈশাখী মেলা চলছে। ওই মেলায় শুক্রবার মশ্মিমনগর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আবুল হোসেনকে সংবর্ধনার আয়োজন করা হয়। এ নিয়ে রাত সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষের মধ্যে পড়েন রাজু হোসেন। তিনি ঘাড়ে টর্চ লাইটের আঘাত পেয়ে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু পথে রাত ১১টার দিকে তিনি মারা যান।
রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আইনুদ্দিন বিশ্বাস জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।পরে আহত রাজুকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। কিন্তু পথে তার মৃত্যু হয়।
রাজুর শরীরে দৃশ্যমান কোনও আঘাতের চিহ্ন নেই বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।
যশোর মণিরামপুর থানার ওসি তাহেরুল ইসলাম জানান,একজন মারা যাবার কথা তিনি জানতে পেরেছেন।
/এমএসএম/








