লক্ষ্মীপুরের রায়পুরে মাদকাসক্ত যুবকের দেওয়া আগুনে ১১টি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। পরে অভিযুক্তকে গণপিটুনি দেয় স্থানীয়রা।
রবিবার (৬ সেপ্টেম্বর) ভোরে রায়পুর উপজেলার বাসাবাড়িবাজার এলাকার আশক আলী ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তদের অভিযোগ, মাদকাসক্ত যুবক সোহেল হোসেন (৩২) পারিবারিক বিরোধে নিজ ঘরে আগুন ধরিয়ে দেয়। সেখান থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানায় ফায়ার সার্ভিস ও পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোহল এলাকার চিহ্নিত মাদকাসক্ত। মাদকের টাকা নিয়ে পরিবারের লোকজনের সঙ্গে প্রায়ই বিরোধ লেগে থাকতো। বিরোধকে কেন্দ্র করে রবিবার রাত ৫টার দিকে নিজের ঘরে আগুন ধরিয়ে দেয়। মূহুর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ১১টি পরিবারের বসতঘর, রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়।
পরে খবর পেয়ে রায়পুর ও লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এদিকে অভিযুক্ত সোহেল আটক করে গণপিটুনি দিয়ে রায়পুর থানা পুলিশে সোর্পদ করা হয়েছে।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার দাস ঘটনার সত্যতা স্বীকার বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। তদন্ত করা হচ্ছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূইঁয়া বাসসকে বলেন, মাদকাসক্ত যুবক সোহেল পারিবারিক বিরোধে নিজের ঘরে আগুন ধরিয়ে দেয়। পরে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে ১১টি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। অভিযুক্ত যুবক সোহেলকে গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে। তার অবস্থায় আশংকাজনক। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।









