চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও ১২৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি হন ৮৩ জন। বাকিরা বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। চট্টগ্রামে চলতি বছর ৩ হাজার ৫৮৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। এর মধ্যে সেপ্টেম্বরের ২১ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৫৩ জন। এ পর্যন্ত ডেঙ্গুতে ১৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে চলতি মাসের ২১ দিনে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত ৮৩ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩১ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে ২৪ জন, ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ১৩ জন, চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে দুজন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ১৩ জন রোগী ভর্তি হন। বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে নতুন করে ভর্তি হয়েছেন ৪৩ জন।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, ‘চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রামে সরকারি-বেসরকারি হাসপাতালে ৩ হাজার ৫৮৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৩ হাজার ১৩ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৫৭৬ জন চিকিৎসা নিয়েছেন।’
একই সময়ে ৩ হাজার ৩৪২ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ২৪৭ জন ডেঙ্গু রোগী।









