সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?

গোলাম মওলা
০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৭

সঞ্চয়পত্র কিনে সেই বিনিয়োগের মুনাফা দিয়ে সংসার চালান অনেক অবসরপ্রাপ্ত ব্যক্তি, প্রবীণ নাগরিক ও সীমিত আয়ের মানুষ। মাসে বা তিন মাস পর পর মুনাফার টাকা তুলে তাদের সংসারের খরচ মেটাতে হয়। এত দিন সঞ্চয়পত্রের মুনাফা দেওয়ার সময় ১০ শতাংশ হারে কর কেটে রাখার পর করের হিসাব শেষ হয়ে যেতো। অর্থাৎ ওই মুনাফার ওপর আর বাড়তি কর দিতে হতো না। আবার বেশি কর কাটা হলেও সেই টাকা ফেরত পাওয়ার সুযোগ ছিল না।

কিন্তু চলতি অর্থবছর থেকে নিয়ম বদলেছে। এখন সঞ্চয়পত্রের মুনাফার ওপর কেটে রাখা করকে আর চূড়ান্ত কর হিসেবে ধরা হবে না। এটি জমা থাকবে অগ্রিম কর হিসেবে। বছর শেষে একজন ব্যক্তির সব আয়ের হিসাব করে প্রকৃত কর নির্ধারণ করা হবে। আগে বেশি কর কাটা হলে অতিরিক্ত টাকা ফেরত পাওয়া যাবে। আর নির্ধারিত করের চেয়ে কম কাটা হলে বাকি টাকা পরিশোধ করতে হবে।

প্রশ্ন হচ্ছে, যারা শুধু সঞ্চয়পত্র কিনে সেই মুনাফা দিয়ে সংসার চালান, তাদের জন্য এই পরিবর্তন সুখবর, নাকি দুঃসংবাদ?

সহজ উত্তর হলো, যাদের অন্য কোনও আয় নেই বা মোট আয় করমুক্ত সীমার মধ্যে, তাদের জন্য এটি সুখবর। কারণ, সঞ্চয়পত্রের মুনাফা থেকে কেটে রাখা করের পুরোটা বা একটি অংশ ফেরত পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। তবে সেই টাকা ফেরত পেতে আয়কর রিটার্ন জমা দিতে হবে।

সঞ্চয়পত্রের মুনাফার কর নিয়ে কী বদলেছে

এত দিন সঞ্চয়পত্রের মুনাফা দেওয়ার সময় টিআইএনধারীদের কাছ থেকে ১০ শতাংশ এবং টিআইএন না থাকলে ১৫ শতাংশ হারে উৎসে কর কেটে রাখা হতো। এই করকেই চূড়ান্ত কর হিসেবে বিবেচনা করা হতো। ফলে মুনাফা থেকে কর কেটে নেওয়ার পর আর কোনও হিসাব করতে হতো না।

নতুন নিয়মে সেই ব্যবস্থা থাকছে না। এখন সঞ্চয়পত্রের মুনাফা একজন ব্যক্তির অন্যান্য আয়ের সঙ্গে যোগ হবে। এরপর তার মোট বার্ষিক আয় কত, সেই অনুযায়ী কর নির্ধারণ করা হবে।

ব্যক্তির আয় অনুযায়ী ১০, ১৫, ২০, ২৫ ও ৩০ শতাংশ হারে কর প্রযোজ্য হতে পারে। সঞ্চয়পত্রের মুনাফা থেকে আগে যে কর কেটে রাখা হয়েছে, তা মোট করের সঙ্গে সমন্বয় করা হবে।

যাদের অন্য আয় নেই, তাদের জন্য সুখবর

ধরা যাক, একজন অবসরপ্রাপ্ত ব্যক্তি তার সারা জীবনের সঞ্চয় দিয়ে সঞ্চয়পত্র কিনেছেন। এই সঞ্চয়পত্র থেকে পাওয়া মুনাফাই তার সংসার চালানোর একমাত্র অবলম্বন। বছরে তিনি এক লাখ টাকা মুনাফা পেলেন। এ জন্য ১০ শতাংশ হারে তার কাছ থেকে ১০ হাজার টাকা কর কেটে রাখা হলো।

এখন যদি তার অন্য কোনও আয় না থাকে এবং সব মিলিয়ে তার বার্ষিক আয় করমুক্ত সীমার মধ্যে থাকে, তাহলে তার প্রকৃত আয়কর শূন্য হতে পারে। সে ক্ষেত্রে আগে কেটে রাখা ১০ হাজার টাকাই ফেরত পাওয়ার দাবি করতে পারবেন তিনি।

অর্থাৎ যারা শুধু সঞ্চয়পত্রের মুনাফার ওপর নির্ভর করে চলেন এবং যাদের মোট আয় করমুক্ত সীমার মধ্যে, তাদের জন্য নতুন নিয়মে আর্থিক সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

তবে মনে রাখতে হবে, মুনাফার টাকা থেকে কর কেটে নেওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে সেই অর্থ ফেরত আসবে না। এ জন্য টিআইএন নিয়ে আয়কর রিটার্ন জমা দিতে হবে।

অন্য আয় থাকলে কী হবে

যাদের সঞ্চয়পত্রের পাশাপাশি বেতন, বাড়িভাড়া, ব্যবসা বা অন্য কোনও উৎস থেকে আয় রয়েছে, তাদের ক্ষেত্রে হিসাবটি ভিন্ন হবে।

ধরা যাক, একজন ব্যক্তি বছরে সঞ্চয়পত্র থেকে ১ লাখ টাকা মুনাফা পেলেন। এ জন্য তার কাছ থেকে ১০ হাজার টাকা কর কাটা হয়েছে। অন্যদিকে, চাকরি বা অন্য কোনও উৎস থেকে তার আয় সাড়ে ৩ লাখ টাকা।

সব মিলিয়ে তার বার্ষিক আয় দাঁড়াল সাড়ে ৪ লাখ টাকা। উদাহরণ অনুযায়ী, প্রথম ৪ লাখ টাকা করমুক্ত হলে বাকি ৫০ হাজার টাকার ওপর ১০ শতাংশ হারে কর হবে ৫ হাজার টাকা।

কিন্তু সঞ্চয়পত্রের মুনাফা থেকে তিনি আগেই ১০ হাজার টাকা কর দিয়েছেন। ফলে তার প্রকৃত করের চেয়ে ৫ হাজার টাকা বেশি কাটা হয়েছে। আয়কর রিটার্ন জমা দিয়ে এই ৫ হাজার টাকা ফেরত চাইতে পারবেন তিনি।

যাদের আয় বেশি, তাদের বাড়তে পারে করের চাপ

নতুন নিয়মে সবার কর কমবে, বিষয়টি এমন নয়। যাদের মোট আয় বেশি এবং যাদের প্রকৃত করহার ১০ শতাংশের বেশি, তাদের বাড়তি কর দিতে হতে পারে।

ধরা যাক, একজন ব্যক্তি বছরে সঞ্চয়পত্র থেকে ৫ লাখ টাকা মুনাফা পেলেন। এ জন্য তার কাছ থেকে ৫০ হাজার টাকা কর কেটে রাখা হয়েছে। এর বাইরে বেতন বা অন্য উৎস থেকে তার আয় ৪ লাখ টাকা।

সব মিলিয়ে তার বার্ষিক আয় দাঁড়াল ৯ লাখ টাকা। উদাহরণ অনুযায়ী, প্রথম ৪ লাখ টাকা করমুক্ত থাকার পর পরবর্তী ৩ লাখ টাকার ওপর ১০ শতাংশ হারে ৩০ হাজার টাকা এবং পরের ২ লাখ টাকার ওপর ১৫ শতাংশ হারে আরও ৩০ হাজার টাকা কর নির্ধারিত হবে। অর্থাৎ মোট করের পরিমাণ দাঁড়াবে ৬০ হাজার টাকা।

কিন্তু সঞ্চয়পত্রের মুনাফা থেকে আগেই ৫০ হাজার টাকা কেটে রাখা হয়েছে। ফলে তাকে আরও ১০ হাজার টাকা কর দিতে হবে। অর্থাৎ যাদের আয় বেশি, তাদের জন্য নতুন নিয়মে করের বোঝা বাড়তে পারে।

কীভাবে ফেরত পাবেন কেটে রাখা টাকা

সঞ্চয়পত্রের মুনাফা থেকে কেটে রাখা করের পরিমাণ প্রকৃত করের চেয়ে বেশি হলে অতিরিক্ত টাকা ফেরত পাওয়ার সুযোগ রয়েছে। তবে এ জন্য কয়েকটি কাজ করতে হবে।

প্রথমত, টিআইএন থাকতে হবে। দ্বিতীয়ত, নির্ধারিত সময়ে আয়কর রিটার্ন জমা দিতে হবে। রিটার্নে সঞ্চয়পত্র থেকে পাওয়া মুনাফা, অন্যান্য আয় এবং আগে কেটে রাখা করের তথ্য দিতে হবে। পাশাপাশি কর কেটে রাখার প্রমাণপত্র জমা দিতে হবে।

রিটার্নে ব্যাংক হিসাবের তথ্য দিয়ে অতিরিক্ত কর ফেরতের দাবি জানাতে হবে। কর বিভাগ যাচাই-বাছাই করে প্রাপ্য অর্থ ১২০ দিনের মধ্যে ব্যাংক হিসাবে ফেরত দেওয়ার কথা।

সংসার চালানো মানুষের জন্য আসল হিসাব

সঞ্চয়পত্রের মুনাফার ওপর নির্ভরশীল মানুষের জন্য নতুন নিয়মের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, এখন থেকে তাদের কাছ থেকে কেটে রাখা পুরো করই সরকারের কাছে চূড়ান্তভাবে চলে যাবে না। প্রকৃত আয়কর যতটুকু হবে, শেষ পর্যন্ত তাদের ততটুকুই দিতে হবে। অতিরিক্ত কাটা টাকা ফেরত পাওয়ার সুযোগ থাকবে।

তবে এই সুবিধা পেতে আয়কর রিটার্ন জমা দেওয়ার বিষয়টি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। যাদের কোনও করযোগ্য আয় নেই, তাদেরও কেটে রাখা টাকা ফেরত পেতে রিটার্ন জমা দিতে হবে।

তাই যারা সঞ্চয়পত্রের মুনাফা দিয়ে সংসার চালান, তাদের জন্য নতুন নিয়মটি একদিকে স্বস্তির খবর। বিশেষ করে যাদের অন্য আয় নেই, তাদের জন্য এটি বাড়তি অর্থ ফেরত পাওয়ার সুযোগ। অন্যদিকে, যাদের সঞ্চয়পত্রের মুনাফার পাশাপাশি উল্লেখযোগ্য আয় রয়েছে, তাদের কারও কারও করের পরিমাণ বাড়তে পারে।

শেষ পর্যন্ত সুখবর নাকি দুঃসংবাদ, তা নির্ভর করবে একজন বিনিয়োগকারীর সঞ্চয়পত্রের মুনাফা নয়, তার সারা বছরের মোট আয়ের ওপর।

/আরকে/
সম্পর্কিত
সঞ্চয়পত্র থাকলে আয়কর রিটার্নে কী সুবিধা পাওয়া যায়
মাস শেষে টাকা থাকে না, তবুও সঞ্চয় করবেন যেভাবে 
আপনার টাকা কোথায় রাখবেন
সর্বশেষ খবর
শ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগ, শ্রীপুরে ছাত্রদলের বিক্ষোভ
শ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগ, শ্রীপুরে ছাত্রদলের বিক্ষোভ
মক্কা প্যাক্ট অনুমোদন দিলো তুর্কি পার্লামেন্ট
মক্কা প্যাক্ট অনুমোদন দিলো তুর্কি পার্লামেন্ট
ট্রেন-বিমানের ঘড়িতে ১২ ঘণ্টার বদলে ২৪ ঘণ্টার হিসাব কেন?
ট্রেন-বিমানের ঘড়িতে ১২ ঘণ্টার বদলে ২৪ ঘণ্টার হিসাব কেন?
মুখের কালচে দাগছোপ নিয়ে চিন্তা? ব্যবহার করুন ঘরোয়া ৩ প্যাক
মুখের কালচে দাগছোপ নিয়ে চিন্তা? ব্যবহার করুন ঘরোয়া ৩ প্যাক
সর্বাধিক পঠিত
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
আত্মসমর্পণ করতে আদালতে পরীমণি, ঘিরে রেখেছেন নিরাপত্তারক্ষীরা
আত্মসমর্পণ করতে আদালতে পরীমণি, ঘিরে রেখেছেন নিরাপত্তারক্ষীরা
১০ হাজার টাকায় ভাড়া দেওয়া সিমে তিন দিনে ২ কোটি লেনদেন, যুবক গ্রেফতার
১০ হাজার টাকায় ভাড়া দেওয়া সিমে তিন দিনে ২ কোটি লেনদেন, যুবক গ্রেফতার
শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিচ্ছেন গাজীপুরের গার্মেন্টস শ্রমিকরা
শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিচ্ছেন গাজীপুরের গার্মেন্টস শ্রমিকরা