বরিশাল নগরীর কলেজ এভিনিউ এলাকায় অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে অটোরিকশায় চার্জ দেওয়ায় দুটি অটোরিকশা গ্যারেজের এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিদুৎ বিভাগের সহায়তায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ এই আদালত পরিচালিত হয়।
অভিযানে এসময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি জব্দ করা হয়েছে ৫২টি অটোরিকশার চার্জ দেওয়ার মিটারসহ আটটি বৈদ্যুতিক মিটার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ওই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মো. শফিকুল ইসলাম বাবুল ও বাহাদুরের ছেলে সোহেল তাদের মালিকানাধীন অটোরিকশার গ্যারেজে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে অটোরিকশার চার্জের ব্যবসা করে আসছিলেন। এর বিপরীতে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানির বিদ্যুৎ বিপনন কেন্দ্র- ১ এর সহযোগিতায় গ্যারেজ দুটিতে অভিযান চালানো হয়।
তিনি জানান, বাবুলের গ্যারেজের ম্যানেজার হেলালকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি ৩২টি চার্জার মিটার ও ৩টি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়। একই সঙ্গে সোহেলের গ্যারেজের ম্যানেজার নাসিরকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি জব্দ করা হয় ২০টি বৈদ্যুতিক মিটার।
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানির বিদ্যুৎ বিপনন কেন্দ্র- ১ এর সহকারী প্রকৌশলী সোয়েবুর রহমান জানান, দুটি গ্যারেজে গত প্রায় এক বছর যাবৎ মিটারের ওপরের অংশ কেটে হুক লাগিয়ে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে আসছে। দুটি গ্যারেজে পুনরায় বিদ্যুৎ সংযোগ পেতে হলে উল্লিখিত সময়ের মধ্যে ক্ষতিপূরণ দিতে হবে।
আরও পড়ুন: রিজার্ভ চুরিতে বাংলাদেশ ব্যাংকের লোকজনও জড়িত: এফবিআই
/এইচকে/টিএন/আপ-এআর/








