আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আওয়ামী লীগকে বার বার ক্ষমতায় আনতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্ত্রাস দমনে কঠোরভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। রবিবার ভোলার মনপুরায় নব নির্মিত আদালত ভবন উদ্বোধন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক এসব কথা বলেন।
তিনি জানান, সাধারণ মানুষের ন্যায় বিচার পাওয়ার জন্য আগামী এক মাসের মধ্যে মনপুরায় সহকারী জজ দেওয়া হবে। দায়রা জজ আদালত স্থানান্তরের ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্যাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেন, মনপুরাকে আধুনিক উপজেলা হিসেবে গড়তে এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি। সকল কাঁচা রাস্তা পাকা করেছি। স্কুল, কলেজ, বিভিন্ন অফিস আদালতের পাকা ভবন নির্মাণ করেছি। এই এলাকায় কোনও কাঁচা রাস্তা থাকবে না। নদী ভাঙনের হাত থেকে রক্ষা করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।
সভায় আরও বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ মো. জহিরুল হক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একে এম শাহজাহান, সহ সভাপতি শাহরিয়ার চৌধুরী দীপক।
মনপুরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মিসেস সেলিনা আকতার চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা জেলা ও দায়রা জজ ফেরদাউস আহম্মেদ, চিফ জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আকতারুজ্জামান প্রমুখ। মন্ত্রী পরে চরফ্যাশন উপজেলা অডিটরিয়ামে সুধী সমাবেশে অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: তনুর ডিএনএ রিপোর্ট পেতে সিআইডি ও আদালতে মেডিক্যাল বোর্ডের চিঠি
/বিটি/টিএন/আপ-এনএস/








