পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার শাপলেজায় বাল্য বিয়ে পণ্ড করে দিয়ে বিয়ের আসর থেকে তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে আটক প্রত্যেকের এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিন ভ্রাম্যমাণ এ আদালত পরিচালনা করেন।
আটকৃতরা হলেন বরের ভাই ইব্রাহীম খান (৩৬), কনের চাচা ইয়াকুব মুন্সী (৩৫) ও ঘটক জাকির হোসেন (৩২)।
মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মহিবুল্লাহ জানান, শাপলেজা ইউনিয়নের উত্তর সোনাখালী গ্রামের শাহাদাৎ খানের কলেজ পড়ুয়া ছেলে রুবেল খানের (২০) সঙ্গে বান্ধবপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী ও উত্তর সোনাখালী গ্রামের আ. হালিমের মেয়ে হালিমা আক্তারের (১৪) বিয়ে হচ্ছে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়।
এ সময় বর ও কনের স্বজনরা পুলিশ দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ এ সময় বরের ভাই ইব্রাহীম, কনের চাচা ও ঘটককে আটক করে।
এস আই জানান, খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিন ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক তিনজনের প্রত্যেককে এক মাসের কারাদণ্ড দেন।
আরও পড়ুন: সিরাজগঞ্জে সোনালী ব্যাংক কর্মকর্তার অভিনব প্রতারণা!
/এইচকে/








