
বরগুনার আমতলীতে বন বিভাগের গাছ কাটাকে কেন্দ্র করে ভারপ্রাপ্ত বন কর্মকর্তাকে মারধর করেছে স্থানীয় যুবলীগ নেতা কামাল মৃধা। শুক্রবার গুলিশাখালী ইউনিয়নের হরিদ্রাবাড়ীয়া বনবিভাগ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গুলিশাখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি কামাল মৃধা হরিদ্রাবাড়ীয়া বনবিভাগের ৭টি গাছ অবৈধভাবে কেটে ফেলে। গাছ কাটার খবর পেয়ে বন কর্মকর্তা ঘটনাস্থলে আসেন। এরপর কামাল মৃধা তার ওপর চড়াও হন। এসময় বন কর্মকর্তা আ. হাই আহত হন।
উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা আ. হাই বলেন, ‘গাছ কাটার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আকাশ মনি ও শিশুর ৭টি গাছ কাটা হয়েছে। গাছগুলো জব্দ করার সময় কামাল মৃধা মোটরসাইকেল নিয়ে এসে আমার উপর হামলা চালায়। এসময় তার সঙ্গে সিদ্দিক ফকিরসহ ৪/৫ জন আমাকে মারধর করে। আমার কাছে থাকা টাকা ও জরুরি কাগজপত্র ছিনিয়ে নেয়।’
আহত অবস্থায় স্থানীয় লোকজন বন কর্মকর্তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা শেষে পটুয়াখালী হাসপাতালে ভর্তি করে।
এবিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায় হামলার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, ঘটনার পর কামাল মৃধাকে গ্রেফতার করা হয়েছে। বন কর্মকর্তা বাদী হয়ে আমতলী থানায় মামলা করেছে বলেও তিনি জানান।
আরও পড়ুন
বাসাবো বৌদ্ধ মন্দিরে সম্প্রীতির ইফতার
দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করতে চেয়েছিল খুনিরা: পুলিশ
সাঁড়াশি অভিযানে সারাদেশে আটক সহস্রাধিক
/এসটি/








