বরিশালের চরবাড়িয়া এলাকায় কীর্তনখোলা নদীতে লঞ্চ-স্টিমার সংঘর্ষে ৫ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। সোমবার ভোর ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৪ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বরিশালের জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান এবং মেট্রোপলিটান পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করে এই তথ্য নিশ্চিত করেছেন।
নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যাবস্থাপনা বিভাগের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, ঢাকা থেকে বরিশাল হয়ে মোড়েলগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়া বিআইডাব্লিউটিসি’র যাত্রীবাহী স্টিমার পি এস মাহসুদ এর সঙ্গে বরিশাল থেকে ঢাকাগামী সুরভী-৭ লঞ্চের সংঘর্ষে হয়।
আহতদের সূত্রে জানা যায়, সোমবার সকাল ৪টার দিকে ঢাকা থেকে ৫ শতাধিক যাত্রী নিয়ে পিএস মাহসুদ বরিশাল নদীবন্দর থেকে ৪/৫ কিলোমিটার দূরে মধ্য চরবাড়িয়া অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা সুরভী-৭ লঞ্চটির সঙ্গে সংঘর্ষ হয়।
নিহতদের মধ্যে ২ জন নারী এবং ৩ জন পুরুষ। তবে এখনও নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।
প্রবল বৃষ্টির কারণে উদ্ধার কাজ অনেকটা বিলম্বিত হয়েছে বলে জানা যায়। দুর্ঘটনা কবলিত স্টিমার পিএস মাহসুদকে উদ্ধারকারী জাহাজ ‘দূর্বার’ এর মাধ্যমে বরিশাল স্টিমার ঘাটে নিয়ে আসা হচ্ছে বলে জানান উদ্ধারকারী দলের সদস্যরা।
অন্যদিকে সুরভী-৭ লঞ্চটি ঢাকামুখী যাত্রা অব্যাহত রেখেছে বলে জানান নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যাবস্থাপনা বিভাগের উপ-পরিচালক ও বরিশাল নৌবন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
এছাড়া স্টিমার পিএস মাহসুদ এর যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
/জেবি/
আরও পড়তে পারেন : নিহত জঙ্গি নিবরাসের পুরনো টুইট: চিরবিদায়








