
ভালোবাসার টানে প্রেমিকের হাত ধরে ভারতীয় এক কিশোরী বাংলাদেশের চলে এসেছে। তার নাম বৈশাখী কান্ডার (১৬)। যদিও বৈশাখীর পরিবারের কাছে সে নিখোঁজ। এক মাস আগে নিখোঁজ হওয়া বৈশাখীকে শুক্রবার বরিশালের উজিরপুর উপজেলার প্রত্যন্ত কালবিলা গ্রাম থেকে উদ্ধার করে র্যাব-৮।
বৈশাখীকে উদ্ধারের পর র্যাব-৮ সংবাদ সম্মেলন করে বিষয়টি জানায়। র্যাব-৮ এর এক নং কোম্পানি কমান্ডার লে. রুহুল আমিন বলেন, বৈশাখীর বাড়ি পশ্চিম বঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা থানার ভাটিরামপুর গ্রামে। তার বাবার নাম তরুণ কান্ডার।
বৈশাখী গত ২২ জুন স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর তার কোনও সন্ধান পাওয়া যায়নি। ওইদিন বৈশাখীর মা নিবেদিতা কান্ডার গোসাবা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে পুলিশ ওই জিডিটি মামলা হিসেবে রুজু করেন।
র্যাব-৮ এর কর্মকর্তা আরও জানান, পাচারবিরোধী জোটের মাধ্যমে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতিকে জানানো হয় বৈশাখী বাংলাদেশে অবস্থান করছে। এ খবরের ভিত্তিতে মহিলা আইনজীবী সমিতি বৈশাখীকে উদ্ধারে র্যাবের সাহায্য চায়। শুক্রবার বিকালে র্যাব কালবিলা গ্রামের মনিন্দ্র মল্লিকের বাড়ি থেকে বৈশাখীকে উদ্ধার করে।
উদ্ধারের পর বৈশাখী জানায়, প্রেমের টানে সে স্বেচ্ছায় মনিন্দ্র মল্লিকের ছেলে স্বপন মল্লিকের সঙ্গে বাংলাদেশে চলে এসেছে। স্বপন মল্লিক তাদের বাড়িতে রং এর কাজ করত। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হলে স্বপন তাকে বিয়ে করে বাংলাদেশে নিয়ে আসে।
বৈশাখী বর্তমানে মহিলা আইনজীবী সমিতির জিম্মায় রয়েছে।
আরও পড়ুন: নিখোঁজের তালিকায় প্রতিবন্ধী-কারাবন্দি-প্রবাসী
/এসটি/








