নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় বরিশালে বিএনপির ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছে পুলিশ। এদের মধ্যে বিএনপির যুগ্ম-মহাসচিব মজিবর রহমান সরোয়ারের নামও আছে।
আদালতের সরকারি নিবন্ধনকারী (জিআরও) কর্মকর্তা আশীষ পাল জানান, ২০১৫ সালের ২৩ জানুয়ারি নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। তাতে ট্রাকের চালক শফিউদ্দিন আহত হন। ওই দিন রাতেই কোতোয়ালী মডেল থানায় এএসআই শরিফ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
অভিযোগপত্রে মজিবর রহমান ছাড়াও আছেন ওয়ার্ড কাউন্সিলর জিয়া উদ্দিন সিকদার, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর মীর একেএম জাহিদুল ইসলাম, ২৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফিরোজ আহম্মেদ, ২৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন হাওলাদার, ২৫নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, ২৪নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি সাইদুর রহমান, কোষাধ্যক্ষ আসাদুল্লাহ আসাদ, মামুন মোল্লা, ২৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি ফরিদ আহম্মেদ, ২৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি কবির হোসেন খান, সাধারণ সম্পাদক কাওসার মোল্লা, একই ওয়ার্ডের ছাত্রদলের সভাপতি অলিউল ইসলাম পিন্টু, যুবদল নেতা সোহাগ, ইসলাম খান, দুলাল ফকির, মনির হোসেন, রুবেল চৌধুরী, হারুন, বিএনপি নেতা বাচ্চু ও শাকিল খান। আরও আছেন স্বেচ্ছাসেবক দলের নেতা সামসুল কবির ফরহাদ, ২৬নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি বাচ্চু ফরাজী, আব্দুল আজিজ খলিফা ও কামরুল হাসান। নাম আছে পশ্চিম জেলা জামায়াত ইসলামের আমীর মো. হাবিবুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক অ্যাড. পলাশ, মহানগর জামায়াতে ইসলামের রোকন মো. শামিম কবির, হিরন মিয়া ও মো. ফিরোজ আলমের।
আরও পড়ুন: কুষ্টিয়ায় কৃষকের অনেক দুশ্চিন্তাই দূর করেছে সৌরবিদ্যুৎ
/এআরএল/এআর/








