ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে রাক্ষুসে মেঘনার ভাঙনে চরম আকার ধারণ করেছে। কিন্তু ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড রাজাপুরে কোনও পদক্ষেপ না নেওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী ভাঙন থেকে রক্ষার দাবিতে মানবন্ধন কর্মসূচি পালন করেছে।
বুধবার (১০ আগস্ট) বেলা ১২টায় ভোলা রাজাপুর ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামে মেঘনার তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আমরা রাজাপুরবাসীর আয়োজনে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে নদী ভাঙনের শিকার কয়েক হাজার মানুষ অংশ নেয়।
মানববন্ধন চলাকালে স্থানীয় ইউপি মেম্বার মো. মাসুদ রানার সভাপতিত্বে বক্তারা বলেন, ভোলার প্রাচিনতম ইউনিয়ন রাজাপুর আজ মেঘনা নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। গত ২ সপ্তাহের ভাঙনে প্রায় ১ হাজার পরিবারের ঘর বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও কয়েক কিলোমিটার পাকা রাস্তাসহ শত শত একর ফসলি জমি বিলীন হয়ে গেছে। পানিবন্দি হয়ে আছে হাজার হাজার মানুষ। কিন্তু ভোলার পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধে কোনও জিও ব্যাগ ফেলছে না বলে অভিযোগ করে এলাকাবাসী। তাদের দাবি রাজাপুরকে রক্ষা করতে অনতি বিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।
/জেবি/








