শিক্ষকদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষক সমিতির সভাপতিসহ চারজন পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন হাসিনুর রহমানের কাছে তারা পদত্যাগ পত্র জমা দেন।
তবে পদত্যাগ পত্রে শিক্ষক নেতারা বাক্তিগত কারণ দেখিয়েছেন বলে জানান হাসিনুর রহমান।
পদত্যাগকারীরা হলেন- শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেন, সহ-সভাপতি জ্যোতির্ময় বিশ্বাস, সদস্য সুজন চন্দ্র পাল ও অসীম কুমার নন্দী।
এদিকে কিছুদিন আগে একই কারণ দেখিয়ে এ সংগঠনের ১৫ সদস্যের নির্বাহী কমিটি থেকে পদত্যাগ করেন সংগঠনের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, কোষাধ্যক্ষ নুসরাত জাহান, সঞ্জয় সরকার, রাশেদ মোশাররফ ও শারমিন আক্তার।
শিক্ষক সমিতির সদ্য পদত্যাগকারী সভাপতি আরিফ হোসেন জানান, ব্যক্তিগত নানা কারণে সংগঠনে সময় দিতে পারছেন না তিনি। এছাড়া সংগঠনের কারণে গবেষণায়ও মনযোগী হতে পারছেন না। তাই দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। একই বক্তব্য দিয়েছেন সহ- সভাপতি জ্যোতির্ময় বিশ্বাস।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান, শিক্ষকদের পদোন্নতির নীতিমালা নিয়ে বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকালে শিক্ষক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এসময় সভাপতির বক্তৃতা চলাকালে তার বিরুদ্ধে সংগঠন পরিচালনায় ব্যর্থতার অভিযোগ তোলে সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম। তার সঙ্গে যোগ দেয় সাবেক সভাপতি শফিউল আলম, শিক্ষক তারেক মাহমুদ আজিজ ও আবীর। তখন দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে শিক্ষকদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।
সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জানান, সভাপতি শিক্ষকদের স্বার্থ আদায় ব্যর্থ হয়েছে, এ অভিযোগ তুলতেই সভাপতি তাদের ওপর চড়াও হয়। তখন তার পদত্যাগ দাবি করা হয়।
তবে অপর নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, কথা কাটাকাটির সময় শিক্ষক আবীর হোসেনকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে সভাপতি। এ ঘটনায় তার পদত্যাগ দাবি করা হলে চারজন একসঙ্গে পদত্যাগ করেন।
অপর একটি সূত্র জানিয়েছে, সভাপতিকে শারীরিকভাবে লাঞ্ছিত করে মো. কাইয়ুম। এ ঘটনার জেরে তারা পদত্যাগ করেছেন।
আরও পড়ুন: বীর মুক্তিযোদ্ধা আনছার আলীকে বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী
/এআর/








