বরিশালের মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের প্যাদারহাট বন্দর সংলগ্ন বেইলি সেতু ভেঙে যানবাহন (বাস-ট্রাক) চলাচল বন্ধ হয়ে গেছে। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। চালবোঝাই একটি ট্রাক পার হওয়ার সময় সেতুটি ভেঙে যায় বলে জানা গেছে। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর নেই বলে জানা যায়।
মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাহার মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, সকাল ৮ টার দিকে এ ঘটনার পর বরিশালের সাথে মুলাদী ও হিজলার সরাসরি সড়ক (বাস-ট্রাক) যোগোযোগ বন্ধ হয়ে যায়।
ভাঙা ব্রীজটির পাশ থেকে স্থানীয় জনসাধারনের সহায়তায় একটি বাঁশের সাকো মানুষজন পাড়াপারের জন্য তৈরি করে দেওয়া হয়েছে। বিকল্প পথ দিয়ে মটরসাইকেল ও অটোরিক্সা চলাচল করলেও তা দিয়ে বাস-ট্রাক চলাচল সম্ভব হচ্ছে না। বর্তমানে ট্রাকে থাকা চাল সরানোর কাজ শুরু হয়েছে।
মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, তাৎক্ষণিক ঘটনাস্থলে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা আসেন। তাদের উপস্থিতিতে প্রথমে ট্রাকটি থেকে চাল সরানোর কাজ চলছে। এরপর ট্রাকটি উদ্ধার অভিযান শুরু হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, বর্তমানে স্থানীয় প্রশাসন জনসাধারণের সহায়তায় পাশের একটি এলজিইডি’র সড়ক সংস্কার করার কাজে হাত দেয়। যা দিয়ে এখন কোনও মতে মটরসাইকেল ও অটোরিকশা চলাচল করছে। ২ দিনের সংস্কার শেষ হলে হালকা যানবাহন এ সড়ক দিয়ে চলাচল করতে পারলেও বাস-ট্রাক চলাচলের কোনও সম্ভাবনা নেই।
এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতান বাংলা ট্রিবিউনকে বলেন, দীর্ঘদিনের পুরাতন এই ব্রীজটি জোড়াতালির ওপর দিয়েই যানবাহন পারাপারে ব্যবহৃত হতো।
এ বিষয়ে বরিশাল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. খালেদ শাহেদ বাংলা ট্রিবিউনকে বলেন, শনিবার সকাল ৮ টার দিকে মুলাদীর হতে আসা একটি ট্রাক সেতুটিতে উঠলে তা ভেঙে ট্রাক নিয়ে নিচে পড়ে যায়। এরপর থেকেই বরিশাল ও বাবুগঞ্জের সাথে মুলাদী ও হিজলার সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। বেইলি ব্রীজটি মেরামতে ১৫/২০ দিন সময় লাগবে। এখন বিকল্প ব্যবস্থা খোঁজা হচ্ছে।
/এইচকে/








